বাজারব্যবস্থা ঠিক করতে পারলে খুলনা অঞ্চলের কৃষক লাভবান হবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহত্তর খুলনা অঞ্চলে আমনের পর সূর্যমুখী ও ভুট্টা চাষ শুরু হলেও বিক্রির তেমন সুব্যবস্থা নেই। সূর্যমুখী তেল বানানোর কারখানাগুলোতেও নেই আধুনিক প্রযুক্তি। এসব শস্যের বাজারব্যবস্থা ঠিক করতে পারলে এ অঞ্চলের কৃষক লাভবান হবেন।
খুলনায় ‘ধান ও তৈলবীজ ফসলের উৎপাদন ও বিপণন পরিকল্পনা শীর্ষক’ এক কর্মশালায় এসব সুপারিশ তুলে ধরা হয়। গতকাল মঙ্গলবার ‘ফিড দ্য ফিউচার বাংলাদেশ রাইস ভ্যালু চেইন’ প্রকল্পের উদ্যোগে ইউএসএআইডির আর্থিক সহায়তায় নগরের একটি প্রশিক্ষণ ও সম্মেলন কেন্দ্রে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সুগন্ধি চাল ব্রি ধান ৩৪, চিকন চাল ব্রি ধান ৫০, সূর্যমুখী, মুগডাল ও সরিষাসহ বিভিন্ন ফসলের উৎপাদন ও বিপণন পরিকল্পনা গ্রহণ করা হয়। আধুনিক কৃষি যন্ত্রপাতি কীভাবে আরও সহজে কৃষকের দোরগোড়ায় পৌঁছানো যায়, তা নিয়েও আলোচনা হয়। সেখানে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা অঞ্চলের কৃষক ও কৃষি ব্যবসায়ীরা তাঁদের সমস্যা ও সম্ভাবনার দিকগুলো তুলে ধরেন। জেলা কৃষি কর্মকর্তারা কৃষকদের বিভিন্ন ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
কর্মশালায় বক্তারা বলেন, বোরো মৌসুমে সুগন্ধিযুক্ত পোলাও চাল ব্রি ধান ৩৪ এবং ব্রি ধান ৫০ (বাংলামতি) আবাদ করলে কৃষক আর্থিক লাভবান হবেন। স্বল্পমেয়াদি আমন ও বোরা ধানের মাঝে বারি সরিষা ১৪ ও বারি সরিষা ১৫ চাষ খুবই লাভজনক। এ অঞ্চলে মুগডালের চাষও লাভজনক হবে।
প্রকল্পের চিফ অব পার্টি টিমোথি রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার অতিরিক্ত পরিচালক ভূপেষ কুমার মণ্ডল, খুলনা জেলার উপপরিচালক আবদুল লতিফ, বাগেরহাট জেলার উপপরিচালক মনোজিৎ কুমার মল্লিক, সাতক্ষীরার উপপরিচালক কাজী আবদুল মান্নান; খুলনা জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা ঝন্টু কুমার সাহা ও বিএডিসি খুলনা অঞ্চলের উপপরিচালক লিয়াকত আলী প্রমুখ।