বাজারমূল্য 'মোটামুটি স্থিতিশীল': আনিসুল হক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফরমালিন প্রয়োগ রোধে অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। মেয়র আনিসুল হক গতকাল কারওয়ান বাজারে বিভিন্ন দোকান ঘুরে দেখার সময় এই ফলের দোকানে খেজুরে ফরমালিন প্রয়োগের প্রমাণ পান। জরিমানাও করা হয় l ছবি: প্রথম আলো
মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফরমালিন প্রয়োগ রোধে অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। মেয়র আনিসুল হক গতকাল কারওয়ান বাজারে বিভিন্ন দোকান ঘুরে দেখার সময় এই ফলের দোকানে খেজুরে ফরমালিন প্রয়োগের প্রমাণ পান। জরিমানাও করা হয় l ছবি: প্রথম আলো

চলতি রমজানে বাজারমূল্য ‘মোটামুটি স্থিতিশীল’ আছে বলে মনে করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র আনিসুল হক।
গতকাল সোমবার রাজধানীর কারওয়ান বাজার কিচেন মার্কেটের নিচতলায় কয়েকটি দোকান পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।
তাঁর উপস্থিতিতেই একটি ফলের দোকানে খেজুরে ফরমালিনের অস্তিত্ব পাওয়ায় ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ ওই দোকান মালিককে ১৬ হাজার টাকা জরিমানা করেন। আরও কয়েকটি মাছ ও মাংসের দোকানে নমুনা পরীক্ষা করা হলেও সেগুলোতে ফরমালিনের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।
মেয়র বাজারের দোকানগুলোতে দ্রব্যমূল্যের তালিকা টানানো আছে কি না, এবং কোন পণ্য কী দামে বিক্রি হচ্ছে সে বিষয়ে খোঁজখবর নেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘বাজারমূল্য মোটামুটি স্থিতিশীল। শুধু বেগুনের দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা বেড়েছে । চালের দাম বাড়েনি। মসুর ডালের দাম চার-পাঁচ টাকা বেড়েছে। চিনি ও তেলের দাম কমেছে।’
মেয়র জানান, বাজারমূল্য নিয়ন্ত্রণ ও খাদ্যদ্রব্যে ফরমালিন প্রয়োগ রোধ করতে রমজান মাসে ডিএনসিসির পাঁচটি অঞ্চল এবং মূল কার্যালয় থেকে মোট ছয়টি দল কাজ করছে। সেই সঙ্গে স্থানীয় কাউন্সিলর এবং বাজার কমিটির সদস্যদের নজরদারির কারণে এখন পর্যন্ত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফরমালিন প্রয়োগ রোধ করা সম্ভব হয়েছে। রমজানের আগামী দিনগুলোতেও ভোগ্যপণ্যের দাম বাড়বে না বলে তিনি আশা প্রকাশ করেন।
কারওয়ান বাজারে গাড়ি পার্কিংয়ের জায়গায় বাজার কমিটির নামে চাঁদা দিয়ে দোকান বসানোর অভিযোগ রয়েছে। এ প্রসঙ্গে আনিসুল হক বলেন ‘এ বিষয়ে আমি দ্বিমত করছি না। বিষয়টি সিরিয়াস। এটি যে আমাদের চিন্তার মধ্যে নেই তা নয়। এটি সব সময় রাজনৈতিক কিংবা প্রভাবশালীদের আশ্রয়ে হয়ে থাকে। আমি রাজনৈতিক নেতাদের সঙ্গে এ নিয়ে কথা বলেছি। আমরা সমাধান খোঁজার চেষ্টা করছি।’