বাজারে অভিযান, ভোক্তা অধিকার আইনে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সদর বাজারে গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ছয় ব্যবসাপ্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমান করেছেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই জরিমান করা হয়েছে।ভ্রাম্যমাণ আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে কালীগঞ্জ সদর বাজারে বিভিন্ন দোকানে আদালত অভিযান চালান। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত ওই অভিযান চলে। এ সময় মেসার্স শামীম বেকারিকে সাত হাজার টাকা, মেসার্স হরিপদ স্টোরকে ছয় হাজার, মেসার্স পলাশ স্টোরকে আট হাজার, মেসার্স সাহা ব্রাদার্সকে ছয় হাজার, বাবুলের ফলের দোকানকে দুই হাজার ও লোকনাথ মিস্টান্ন ভান্ডারকে পাঁচ হাজার টাকা জরিমান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভোক্তা অধিকার অধিদপ্তরের উপপরিচালক আলী ইউসুফ মো. সুলতান নূর, কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা কামরুল আহসান তালুকদার ও জেলা বাজার কর্মকর্তা আবদুছ ছালাম।জেলা বাজার কর্মকর্তা আবদুছ ছালাম জানান, উৎপাদিত বেকারিজাত পণ্যে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও মূল্য উল্লেখ না থাকা এবং ফলে ফরমালিন মেশানোর অপরাধে ওই প্রতিষ্ঠানকে জরিমান করা হয়েছে।