বাজারে আগুন, ২২টি দোকান ও দুটি গুদাম পুড়ে গেছে
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার খুলুমবাড়িয়া বাজারে মঙ্গলবার দিবাগত রাত দুইটার অগ্নিকাণ্ডে ২২টি দোকান ও দুটি পাটের গুদাম ভস্মীভূত হয়েছে। পরে স্থানীয় বাসিন্দারা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করতে পারলেও বুধবার বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিসের চারটি গাড়ি দীর্ঘ চেষ্টা করে আগুন নেভায়।খুলুমবাড়িয়া বাজারের ব্যবসায়ী আবদুল মান্নান জানান, রাত দুইটার দিকে আগুনের সূত্রপাত হলেও বাজারের নৈশপ্রহরীরা তিনটার দিকে দেখতে পান বিশারত আলী ও শফিউদ্দিনের দোকান থেকে আগুনের ধোঁয়া বের হচ্ছে। তাঁরা সঙ্গে সঙ্গে দোকান মালিক ও ফায়ার সার্ভিসে খবর দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু তিন ঘণ্টা পর ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। এরই মধ্যে বাজারের স্টেশনারি, পার্টস, মুদিসহ ২২টি দোকান পুড়ে যায়।ব্যবসায়ীরা জানান, বাজারের দোকানি আবু বকর, দাউদ হোসেন, বিশারত আলী, কামরুল ইসলাম, দুলু জোয়ার্দ্দার, শফি উদ্দিন মণ্ডল, ইসাহাক আলী জোয়ার্দ্দার ও আনোয়ার হোসেনের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বাজারের গোবিন্দ চন্দ্র কুণ্ডু ও কামরুল ইসলামের দুটি পাটের গুদামে আগুন লেগে যায়। এই দুটি গুদামে প্রায় সাড়ে তিন হাজার মণ পাট সংরক্ষণ করা ছিল। বুধবার বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। আগুনে দেড় কোটি টাকার ওপর ক্ষয়ক্ষতি হয়েছে। শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মোয়াজ্জেম হোসেন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আজমুল হক, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করেছেন।