বাজারে আগুনে ৪০ দোকান ছাই ব্যবসায়ীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী সদর উপজেলার শেখেরচর বাবুরহাট পাইকারি কাপড়ের বাজারে গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আগুন লেগে প্রায় ৪০টি দোকান পুড়ে গেছে। এসব দোকানে প্রায় ৭০টি ব্যবসাপ্রতিষ্ঠান ছিল।
নরসিংদী সহকারী পুলিশ সুপার মোস্তাক সরকার বলেন, ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন লাগার খবরে মাধবদী নওয়াপাড়া এলাকার বাসিন্দা আক্কাস আলী (৫৫) নামের এক ব্যবসায়ী হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
মাধবদী ফায়ার সার্ভিস, থানা-পুলিশ ও বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শেখেরচর বাবুরহাট বাজার পুলিশ ফাঁড়ি–সংলগ্ন একটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাধবদী, নরসিংদী ও পলাশ ফায়ার সার্ভিসের পাঁচটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যে ছোট–বড় ৪০টি দোকান পুড়ে যায়।
এ ব্যাপারে মাধবদী ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত (ইনচার্জ) খোরশেদ আলম ভূঁইয়া বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক ত্রুটি থেকে এ আগুন লেগেছে।