বাজারে ইনসেপটার নতুন ইনসুলিন
ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইনসেপটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড ডায়াবেটিস বা বহুমূত্র রোগের চিকিৎসায় নতুন ইনসুলিন বাজারে এনেছে। ইনসেপটার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন প্রযুক্তির ‘গ্লারজিন’ নামে পরিচিত এই ইনসুলিন তারা প্রথম বাংলাদেশে নিয়ে এসেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে প্রায় ৬০ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এসব রোগীর ইনসুলিনের চাহিদা মেটাতে আমদানিকৃত ওষুধের ওপর নির্ভর করতে হতো। এতে লাখ লাখ বৈদেশিক মুদ্রা খরচ হতো। এ ছাড়া ছিল সরবরাহের সমস্যা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অতিরিক্ত চাহিদার তুলনায় সরবরাহের স্বল্পতার কারণে বাজারে অনেক নকল ইনসুলিন তৈরি হয় যা ডায়াবেটিস রোগীদের জীবনের ওপর ঝুঁকি সৃষ্টি করছে।ইনসেপটা ২০০৭ সালে প্রথম বাংলাদেশে রিকম্বিনেন্ট ডিএনএ হিউম্যান ইনসুলিন নিয়ে এসেছিল। সেই ইনসুলিন বহু রোগী ব্যবহার করে। নতুন ইনসুলিন ‘গ্লারজিন’ তৈরিতে গুরুত্বপূর্ণ প্রস্তুতপ্রণালি ও যন্ত্রপাতি প্রয়োজন হয়। ইনসেপটার ওষুধ তৈরির উচ্চপ্রযুক্তির সুযোগ-সুবিধা রয়েছে।