বাজারে এখন গোপালভোগই রাজা
গাছ ভরা থোকা থোকা আম। আমের ভারে নুয়ে পড়েছে ডাল। কোনো আমে রং লে েগছে, কোনোটি বা পেকে টসটসে। এমন দৃশ্য এখন চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থানে। ভালো জাতের আমের জন্য জেলাটির সুনাম রয়েছে। মৌসুম এলে সেখানকার আমের বাজারগুলো যখন ঝাঁকায় ঝাঁকায় আমে ভরে যায়, তখন লোভনীয় মিষ্টি সৌরভে মনমাতানো আমেজ তৈরি হয়। এর মধ্যে ক্রেতা-বিক্রেতার ভিড়, দরদাম ও হাঁকডাক বাজারের চিরচেনা ঐতিহ্য ফুটিয়ে তোলে।আমবাগানের মালিক ও ব্যবসায়ীরা জানান, বাজারগুলোতে এক সপ্তাহ ধরে গোপালভোগ আম আসতে শুরু করেছে। তবে ঝাঁকা ভরে ক্ষীরশাপাতি ও ল্যাংড়া আম না এলে বাজার জমে না। কাজেই ভিড়ে সরগরম বাজার পেতে আরও এক সপ্তাহ লাগবে।চাঁপাইনবাবগঞ্জে আমের সবচেয়ে বড় বাজার কানসাটে। আগে কানসাটে সোনামসজিদ মহাসড়কের দুই ধারে এক-দেড় কিলোমিটার জুড়ে আমের বাজার বসত। দুই বছর ধরে আমের বাজার বসছে সড়কসংলগ্ন বড় মাঠে। গত রোববার কানসাটে গিয়ে দেখা যায়, নির্ধারিত স্থানে বসেনি আমের বাজার। আম ব্যবসায়ীরা বলেন, সরবরাহ খুব কম হওয়ায় নির্ধারিত স্থানে না বসে আগের স্থানেই অর্থাত্ মহাসড়কের পাশে আমের বাজার বসেছে।কানসাটে দুই শতাধিক আমের আড়ত রয়েছে। কানসাট আম আড়তদার সমিতির সভাপতি হাজি নজরুল ইসলাম জানান, বর্তমানে আড়ত চালু হয়েছে মাত্র ১০টি। ঢাকাসহ বিভিন্ন জেলার পাইকারদের আনাগোনা শুরু হয়নি বললেই চলে। আড়তদার জহরুল ইসলাম ও শাহআলম জানান, বাজার জমে উঠতে আরও এক সপ্তাহ লাগবে।কানসাটের বাজার ঘুরে দেখা যায়, আমের সরবরাহ যেমন কম, তেমনি দামও। গত বছর ভালো জাতের গোপালভোগ শুরুতে মণপ্রতি এক হাজার ২০০ থেকে এক হাজার ৪০০ টাকায় বিক্রি হয়েছে। সেই আম এবার বিক্রি হচ্ছে ৮০০ থেকে এক হাজার ১০০ টাকা মণ দরে।গোমস্তাপুর উপজেলার চৌডালা থেকে আসা আমবিক্রেতা আলম বলেন, ‘আমের এমন দর থাকলে আমাদের মাথায় হাত পড়বে।’ একই কথা বলেন কানসাটের হরিপুর থেকে আসা বাসুদেব সাহা। তিনি আম বিক্রি করেছেন ৮৭৫ টাকা মণ দরে। তাঁরা বলেন, এবার ফলন বেশি হলেও খরার কারণে আমের আকার ছোট হয়েছে। তা ছাড়া আমের মুকুল থেকে দানা হওয়ার পর্যায়ে পোকা লাগায় বেশি করে কীটনাশক দিতে হয়েছে।আম ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, বাজারে বিক্রেতাদের কাছ থেকে ইজারাদারেরা এবার বেশি খাজনা আদায় করছে। গতবার দুই ডালি আমের জন্য আট থেকে ১০ টাকা খাজনা দিতে হতো, এবার সেখানে ৩০ টাকা করে দিতে হচ্ছে। আড়তদার শাহ আলম জানান, এবার কানসাট আমের বাজার নিলাম হয়েছে ৮৮ লাখ টাকায়। গতবার হয়েছিল ৪৮ লাখ টাকায়।চাঁপাইনবাবগঞ্জ সদরে মহানন্দা নদীর তীরে সদর হাসপাতাল সড়কে বসে আমের বাজার। গত রোববার সদর বাজারে সুকুমার প্রামাণিক, আবদুস সামাদ, একরামুল হকসহ কয়েকজন আম ব্যবসায়ীর সঙ্গে কথা হয়। তাঁরা জানান, এই বাজারে আম নামতে শুরু করেছে ১০ দিন আগে। ক্ষীরশাপাতি ও ল্যাংড়া আম না নামলে বাজার জমবে না। এ জন্য সপ্তাহ খানেক অপেক্ষা করতে হবে। সুকুমার প্রামাণিক বলেন, বাজারে এখন গোপালভোগই রাজা। এই জাতের আম বাজারে বিক্রি হচ্ছে এক হাজার থেকে এক হাজার ২০০ টাকা মণ দরে।কৃষি বিভাগের মতে, এবার জেলায় আমের উত্পাদন গত বছরের তুলনায় দ্বিগুণ। গত বছর আমের উত্পাদন হয়েছিল এক লাখ পাঁচ হাজার মেট্রিক টন, এবার উত্পাদন হবে দুই লাখ মেট্রিক টনের বেশি।জেলা শস্য উত্পাদন বিশেষজ্ঞ খসরু মিয়া জানান, এবার হেক্টরপ্রতি উত্পাদন ১০ মেট্রিক টন হবে বলে আশা করা হচ্ছে। সেই হিসাবে ২২ হাজার ৫০০ হেক্টর আমবাগানে দুই লাখ ২৫ হাজার মেট্রিক টন আম উত্পাদিত হওয়ার কথা। তবে ভিন্নমত পোষণ করেন আমের অন্যতম বড় এলাকা শিবগঞ্জ উপজেলার ব্যবসায়ীরা। তাঁদের মতে, গতবারের চেয়ে এবারের উত্পাদন দেড় গুণ বেশি হতে পারে।