বাজারে এল গানের অ্যালবাম 'তোমার জন্য'

দীর্ঘ তিন যুগ পর শিল্পী আব্দুল্লাহ আল মামুন তাঁর নতুন অ্যালবাম বাজারে নিয়ে এলেন। রাজধানীর বেইলি রোডে একটি ক্যাফেতে গতকাল শুক্রবার সন্ধ্যায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তোমার জন্য শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়।
আটটি গানের এই অ্যালবামটি প্রকাশ করেছে সোনালি প্রোডাক্টস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নকিব খান, তপন চৌধুরী, কুমার বিশ্বজিৎসহ তারকা কণ্ঠশিল্পীরা।
আশির দশকে জনপ্রিয় গান ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’, ব্যান্ড সোলসের জন্য তাঁর লেখা ‘মুখরিত জীবন’, ‘ভুলে গেছ তুমি’, নকীব খানের কণ্ঠে ‘ছোট্ট বেলার সাথি’ গানগুলোর গীতিকার আব্দুল্লাহ আল মামুন। শিল্পী আব্দুল্লাহ আল মামুন সিডনির বাংলা কমিউনিটি রেডিওর সাংবাদিক ও উপস্থাপক। নতুন অ্যালবাম প্রসঙ্গে আব্দুল্লাহ আল মামুন বলেন, পাশ্চাত্য সংগীতধারার সংমিশ্রণে এখন বাংলা গানে ফিউশন মিউজিকের জোয়ার চলছে। বাংলা গানের সেই ক্ল্যাসিক বা মূলধারাকে ধারণ করেই তোমার জন্য অ্যালবামের গানগুলো সাজানো হয়েছে।