পবিত্র ঈদুল আজহার ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলে যাওয়ায় গতকাল শুক্রবারও রাজধানী ঢাকা ছিল ফাঁকা। কাঁচাবাজারগুলোতেও ক্রেতা ছিল কম। যাঁরা বাজারে গেছেন, তাঁদের বেশির ভাগেরই চাহিদা ছিল সবজি। কিন্তু বাজারে সবজির সরবরাহ কম।
ঈদের কারণে ঢাকায় সবজিবাহী ট্রাক তেমন না আসায় টাটকা সবজিও তেমন ছিল না। কিছু কিছু সবজির দাম বেশি হাঁকা হয়েছে। বেড়েছে কাঁচা মরিচের দাম। বিভিন্ন কাঁচাবাজারে সকালে কাঁচা মরিচ বিক্রি হয়েছে ১৪০ থেকে ১৫০ টাকা কেজি দরে। অবশ্য সন্ধ্যায় বাজার ক্রেতাশূন্য হয়ে পড়ায় প্রতি কেজি ১০০ টাকাও হাঁকা হয়। ঈদের আগে বাজারভেদে ১১০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হয়েছে কাঁচা মরিচ।
বিক্রেতারা জানিয়েছেন, ঈদের পর কাঁচা মরিচের চালান ঢাকার বাইরে থেকে পাইকারি বাজারে কম এসেছে। তাই সেখান থেকে খুচরা বাজারেও কম এসেছে। কম আসার কারণে দাম বেড়েছে।
বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি শসা ৪৫ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। ঈদের আগের দিন প্রতি কেজি শসা বিক্রি হয় ৬০ টাকা পর্যন্ত। গতকাল প্রতি কেজি বরবটি ৪০ থেকে ৪৫ টাকায়, বেগুন ৫০, করলা ৩০, ঢ্যাঁড়স ৩৫, কাঁচা পেঁপে ১৬ টাকা কেজি দরে বিক্রি হয়। এসব সবজি ঈদের আগের দরেই বিক্রি হয়েছে। প্রতি কেজি আলু বিক্রি হয় ১৫-১৬ টাকায়। মানভেদে এক হালি লেবুর দাম ১৫ থেকে ২০ টাকা ছিল। ঈদের আগের দিন ছিল ২০ থেকে ২৪ টাকা। বাজারে সবজি বিক্রেতাও ছিলেন কম।
পেঁয়াজের দামে তেমন পরিবর্তন হয়নি। বাজারভেদে প্রতি কেজি পেঁয়াজ ৮৫ থেকে ৯০ টাকা দরে বিক্রি হয়। প্রতি কেজি দেশি আদা ১০০ টাকা, চীনা আদা ১১৫ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি দেশি রসুন ৮০ ও চীনা রসুন ৬০ থেকে ৬৫ টাকা, শুকনা মরিচ ১৮০ টাকা এবং হলুদ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকা কেজি দরে।
মাছের বাজারে ক্রেতার সংখ্যা ছিল হাতে গোনা। মাছ বিক্রেতাও ছিলেন কম। মাছের সরবরাহও ছিল কম। এক কেজি ওজনের রুই ২০০ থেকে ২৩০ টাকা, পাঙাশ ১২০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। তবে কারওয়ান বাজারসহ কয়েকটি বাজার ঘুরে ইলিশ দেখা যায়নি। ১৩ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ রয়েছে। চলছে ইলিশ ধরার বিরুদ্ধে অভিযান। অনেক ইলিশ ইতিমধ্যে হিমাগারে পাঠানো হয়েছে। এসব কারণে ইলিশের সরবরাহ প্রায় নেই।