বাজারে গরুর মাংস নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে মাংস ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে গতকাল সোমবার কাঁচাবাজারে মাংসের দোকান বন্ধ ছিল। এতে মাংস না পেয়ে ফিরে গেছেন ক্রেতারা। আগামী শনিবার পর্যন্ত এই ধর্মঘট চলবে বলে জানিয়েছেন মাংস ব্যবসায়ীরা
গাবতলী পশুহাটে অতিরিক্ত খাজনা আদায় বন্ধসহ চার দফা দাবিতে টানা ছয় দিনব্যাপী এই ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি ও ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতি। গতকাল সোমবার প্রথম দিন ধর্মঘট পালন করেন তাঁরা৷
গতকাল পুরান ঢাকার পলাশী, কাপ্তানবাজার, মৌলভীবাজার, নয়াবাজার তালতলা মার্কেট ও কারওয়ান বাজারে ঘুরে গরুর মাংস পাওয়া যায়নি। সব কটি দোকান ছিল ফাঁকা। বাজারে অলস সময় কাটিয়েছেন মাংস ব্যবসায়ীরা। গরুর মাংস না পেয়ে ফিরে গেছেন ক্রেতা। তবে কেউ কেউ ছাগলের মাংস ও হাঁস-মুরগি কিনেছেন। এ ছাড়া মোহাম্মদপুরের টাউন হল, জেনেভা ক্যাম্প ও কৃষি মার্কেট, মিরপুর ১ নম্বর, মিরপুর ১১ নম্বর, গুলশান ১ ও গুলশান ২, উত্তরা বিডিআর মার্কেট, রামপুরা, বাসাবো, জুরাইন ও যাত্রাবাড়ীতেও কাঁচা বাজারে গরুর মাংস পাওয়া যায়নি। পলাশী বাজারে গরুর মাংস না পেয়ে ব্রয়লার মুরগি কেনেন আজিমপুর চায়না বিল্ডিং গলির বাসিন্দা আরাফাত ইসলাম। তিনি বলেন, ‘ধর্মঘটের বিষয়টি জানা ছিল না। বাজারে এসে দেখি দোকানে গরুর মাংস নেই। হাঁস-মুরগির দাম কিছুটা বেড়েছে৷’
কারওয়ান বাজারের গরুর মাংসের দোকানি মো. শহিদুল্লা বলেন, সমিতির নির্দেশনা অনুযায়ী দোকান বন্ধ রেখেছেন। আগামী শনিবারের আগে এই বাজারে গরুর মাংস বিক্রি করা হবে না। এই বাজারে দিনে প্রায় ২৫টি গরুর মাংস বিক্রি হতো বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম জানান, তাঁদের সিদ্ধান্ত অনুযায়ী রাজধানীতে প্রায় পাঁচ হাজার দোকানে গরুর মাংস বিক্রি বন্ধ রয়েছে। আগামী সাত দিনের মধ্যে এই সমস্যার সমাধান না হলে সারা দেশে ধর্মঘট ডাকতে বাধ্য হবেন ব্যবসায়ীরা।