বাজারে ডাকাতি, ৫০ লাখ টাকার মালামাল লুট
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট বাজারে গত শনিবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা বাজারের পাহারাদারদের হাত-পা বেঁধে তিনটি স্বর্ণালংকারের দোকানসহ পাঁচটি দোকান থেকে প্রায় ৫০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আড়াইটার দিকে ১৮-২০ জনের একটি ডাকাতদল ওই বাজারে প্রবেশ করে পাহারাদারদের হাত-পা বেঁধে ফেলে। এরপর ডাকাতেরা তালা ভেঙে তিনটি সোনার দোকানসহ পাঁচটি দোকান থেকে প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুট করে।বাজারের ব্যবসায়ী রঞ্জন হালদার বলেন, পাশেই পুলিশ ফাঁড়ি থাকার পরও ডাকাতির ঘটনা ঘটায় সাধারণ মানুষের ভরসার কোনো জায়গা নেই। কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস বলেন, হিন্দু-অধ্যুষিত উত্তর কোটালীপাড়ার প্রধান ব্যবসা কেন্দ্র ভাঙ্গারহাট বাজারে এত বড় ডাকাতির ঘটনার পর এলাকায় ডাকাত-আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ১০ দিন আগে পার্শ্ববর্তী লাটেঙ্গা গ্রামে মনমঞ্চথ লাল ওঝার বাড়িতে ডাকাতি হয়। তখন পুলিশ ব্যবস্থা নিলে ডাকাতির এ ঘটনা ঘটত না। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া বলেন, পুলিশ ঘটনার তদন্ত করছে। একই সঙ্গে ডাকাতদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা লিখিত অভিযোগ দিলে মামলা নেওয়া হবে। বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি জানান, পটুয়াখালীর বাউফল উপজেলায় দুর্বৃত্তরা একটি ব্যবসাপ্রতিষ্ঠানের এক বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে আহত করে লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতে উপজেলার কনকদিয়া ইউনিয়নের পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কালাইয়া বন্দরের মেসার্স চিত্ত মাস্টার এন্টারপ্রাইজ নামক ব্যবসাপ্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি মিলন পাল (২৮) শনিবার সন্ধ্যার দিকে কনকদিয়া বাজারের বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে বকেয়া প্রায় এক লাখ টাকা আদায় করেন। পরে রাত আটটার দিকে ফেরার পথে গার্লস স্কুল সড়কের পালপাড়া এলাকায় পৌঁছালে চার-পাঁচজন মুখোশধারী দুর্বৃত্ত তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।