রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে গতকাল বুধবার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।অন্যদিকে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে তদারকি বাড়ানো ও প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিতে সব সাংসদ ও জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিনি ও ভোজ্যতেল ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। বৈঠকে অতিরিক্ত মুনাফা লাভের আশায় ব্যবসায়ীদের জিনিসপত্রের দাম বেশি না রাখার অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করে বলেছেন, তাঁদের কাছে জিনিসপত্রের যথেষ্ট মজুদ রয়েছে। সুতরাং অযাচিত দাম বাড়ার প্রশ্নই আসে না।এদিকে সাংসদ ও ডিসিদের কাছে চিঠি পাঠানো বিষয়ে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী ফারুক খান প্রথম আলোকে বলেন, রমজানে দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে ও পুরো বাজার ব্যবস্থা তদারক করতে সাংসদ ও ডিসিদের কাছ থেকে সহায়তা চাওয়া হয়েছে। এ ছাড়া ডিলারদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে।প্রসঙ্গত, বাজার তদারকি কমিটিতে স্থানীয় মেম্বার, ব্যবসায়ী প্রতিনিধি, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা রয়েছেন। তাঁরা নিজ জেলা ও উপজেলায় নিত্যপ্রয়োজনীয় বাজার পরিস্থিতি তদারক করবেন।