বাজারে পাস্তুরিত তরল দুধের সরবরাহ কমে গেছে। টানা অবরোধে বিভিন্ন প্রতিষ্ঠান সারা দেশে চাহিদা অনুযায়ী তরল দুধ সরবরাহ করতে পারছে না। যেসব দোকানে মিলছে, ক্রেতাদের অনেক ক্ষেত্রেই তা বেশি দামে কিনতে হচ্ছে।
গ্রামের লোকজন সরাসরি গরুর দুধ কিনে পান করতে পারলেও শহরের বাসিন্দাদের ভরসা কেবলই প্যাকেটজাত তরল দুধ। অনেকের ঘরে প্রতিদিনের খাদ্যতালিকায়ও থাকে পুষ্টিকর এই পণ্য।
টানা অবরোধে দুগ্ধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলো দেশের বিভিন্ন স্থানের খামারিদের কাছ থেকে যেমন তরল দুধ সংগ্রহ করতে পারছে না, তেমনি তা সারা দেশে সরবরাহও করতে পারছে না।
গত ২৬ নভেম্বর থেকে এখন পর্যন্ত ১৮-দলীয় জোটের ডাকা টানা অবরোধ কর্মসূচি চলছে। চলবে আগামী শুক্রবার ভোর পর্যন্ত। মাঝখানে কেবল দুটি শুক্রবার অবরোধের আওতামুক্ত ছিল।
গত সোমবার সন্ধ্যা ও গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর বনশ্রী, রামপুরা, বাড্ডা, উত্তরার আশকোনা হাজিক্যাম্প, কারওয়ান বাজার ও হাতিরপুল এলাকা ঘুরে দেখা গেছে, বেশির ভাগ দোকানে পাস্তুরিত তরল দুধ আছে অল্প পরিমাণে। কোনো দোকানে মিল্ক ভিটার দুধ আছে তো অন্য প্রতিষ্ঠানের দুধ নেই। আবার অনেক দোকানেই মিল্ক ভিটা দেখা যায়নি, সেখানে আছে আড়ং কিংবা প্রাণের দুধ।
খোঁজ নিয়ে জানা যায়, বাজারে যত তরল দুধ পাওয়া যায়, তার অর্ধেকই সরবরাহ করে মিল্ক ভিটা। স্বাভাবিক সময়ে প্রতিষ্ঠানটি প্রতিদিন দেড় থেকে দুই লাখ লিটার তরল দুধ বাজারজাত করে। আর সমবায়ীদের কাছ থেকে সংগ্রহ করে দুই লাখ ৪০ হাজার লিটার।
তবে মিল্ক ভিটা বলছে, অবরোধের কারণে ডিসেম্বরের প্রথম নয় দিনে ঢাকা ও চট্টগ্রামে মাত্র চার লাখ ২৪ হাজার লিটার তরল দুধ সরবরাহ করেছে প্রতিষ্ঠানটি। গত বছর ডিসেম্বরে একই সময়ে প্রতিষ্ঠানটি ১০ লাখ ৬১ হাজার লিটার দুধ সরবরাহ করেছিল। আর এ সময়ে গত বছরের তুলনায় প্রতিদিন সরবরাহ কমেছে গড়ে ৯০ হাজার লিটার।
মিল্ক ভিটার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, সরবরাহ স্বাভাবিক রাখতে মিল্ক ভিটার দুগ্ধ পরিবহনকারী ট্যাংকারগুলো এখন সাদা পতাকা টাঙিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন মহাসড়কে চলাচল করছে। শিশুখাদ্য ও রোগীর পথ্য হিসেবে বিবেচনা করে দুধ সরবরাহকে অবরোধ-হরতালের আওতামুক্ত রাখতে সব রাজনৈতিক দলের নেতা-কর্মীদের অনুরোধ করেন তিনি।
ব্র্যাক ডেইরি স্বাভাবিক সময়ে সারা দেশে প্রতিদিন এক লাখ ২৫ হাজার থেকে এক লাখ ৩০ হাজার লিটার পাস্তুরিত দুধ সরবরাহ করে। এখন সরবরাহ করছে প্রতিদিন ৮০ থেকে ৯০ হাজার। প্রতিষ্ঠানটির দুধ বিক্রি হয় আড়ং দুধ নামে।
ব্র্যাক ডেইরির মহাব্যবস্থাপক মোসলেহ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আজকে (মঙ্গলবার) আমার সারা দেশে তরল দুধের চাহিদা এক লাখ ৮৭ হাজার ৯৫৮ লিটার। কিন্তু গতকাল (সোমবার) সরবরাহ ছিল ৯০ হাজার লিটার; তাও আবার শুধু ঢাকায়।’ তিনি জানান, বিপুল পরিমাণে চাহিদা থাকার পরও অবরোধের কারণে চট্টগ্রাম ও সিলেটে কোনো দুধই সরবরাহ করতে পারছেন না।
প্রাণের দুধ প্রক্রিয়াজাতকরণ কারখানাটি নরসিংদীর পলাশে অবস্থিত। প্রতিদিন প্রায় এক লাখ লিটার পাস্তুরিত দুধ বাজারে সরবরাহ করে প্রতিষ্ঠানটি। প্রাণের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল প্রথম আলোকে বলেন, এখন প্রতিদিন ৪০ থেকে ৫০ হাজার টন দুধ সরবরাহ করা হচ্ছে। তাও আবার সারা দেশে সরবরাহ করা যাচ্ছে না। ঢাকা এবং কারখানার আশপাশের কয়েকটি জেলায় সরবরাহ করা হচ্ছে।
সরেজমিন: দোকানিদের অনেকেই বলছেন, ক্রেতারা প্রথমেই খোঁজেন মিল্ক ভিটার দুধ। ওই দুধ না পেয়ে আড়ং, প্রাণ কিংবা অন্য প্রতিষ্ঠানের দুধ কিনছেন। বনশ্রীর সি-ব্লকের সাবওয়ে ডিপার্টমেন্টাল স্টোরের কর্মচারী জানান, মিল্ক ভিটার গাড়ি গত ৮-১০ দিনে এখানে আসেনি। সে কারণে ওই দোকানে মিল্ক ভিটার দুধ নেই। একই কারণে মিল্ক ভিটার দুধ নেই শুভেচ্ছা জেনারেল স্টোর ও সোনালী ডিপার্টমেন্টাল স্টোরেও।
বসুন্ধরা সিটির পেছনের ফটকের বিপরীতে অবস্থিত অনন্যা সুপার শপে কোনো তরল দুধই নেই। পাশের অর্পিতা ভ্যারাইটিস স্টোরে মিলল কেবল আড়ং দুধ। বিক্রিও হচ্ছে মোড়কে উল্লিখিত দামের চেয়ে বেশি দামে। এক লিটার ৬০ এবং আধা লিটার ৩৩ টাকায়। আর নির্ধারিত মূল্য হচ্ছে প্রতি লিটার ৫৮ এবং আধা লিটার ৩২ টাকা।
হাতিরপুল বাজারের তিনটি দোকান ঘুরে দুটিতেই কোনো দুধ পাওয়া গেল না। একটি দোকানে মিলল মিল্ক ভিটার দুধ এবং প্রাণের ইউএইচটি দুধ।
দেশের দুগ্ধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলো দুই ধরনের দুধ বাজারজাত করে থাকে। একটি পাস্তুরিত দুধ, অন্যটি ইউএইচটি দুধ (আলট্রা হাই টেম্পারেচার)। এই দুধ ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়।
আশকোনা হাজিক্যাম্প এলাকার মাদারীপুর জেনারেল স্টোরে মিল্ক ভিটার দুধ নেই, আছে আড়ং দুধ। তিনি জানান, আগে প্রতিদিনই বিভিন্ন প্রতিষ্ঠানের গাড়ি এসে দুধ দিয়ে যেত। এখন আসে এক-দুই দিন পর পর।
দোকানিদের বেশি দাম নেওয়ার বিষয়ে ব্র্যাক ডেইরির মহাব্যবস্থাপক মোসলেহ উদ্দিন বলেন, ‘এদের ধরা দরকার। এরা সুযোগের অসৎ ব্যবহার করছে।’