বাজারে দেদার বিক্রি হচ্ছে নিষিদ্ধ নোট-গাইড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাজারে অবাধে নোট-গাইড বই বিক্রির প্রতিবাদে গতকাল বরগুনার পাথরঘাটায় সামাজিক ও সাংস্কৃতিক ছয়টি সংগঠনের উদ্যোগে মানববন্ধন করা হয় l প্রথম আলো
বাজারে অবাধে নোট-গাইড বই বিক্রির প্রতিবাদে গতকাল বরগুনার পাথরঘাটায় সামাজিক ও সাংস্কৃতিক ছয়টি সংগঠনের উদ্যোগে মানববন্ধন করা হয় l প্রথম আলো

বরগুনার পাথরঘাটা পৌর শহরসহ গ্রামগঞ্জের বাজারে দেদার বিক্রি হচ্ছে নিষিদ্ধ নোট-গাইড। উপজেলার অন্তত ২৫টি লাইব্রেরিসহ বেশ কিছু অসাধু শিক্ষকের মাধ্যমে ওই নোট-গাইড বিক্রি করা হয় বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় সামাজিক ও স্বেচ্ছাসেবী ছয়টি সংগঠন গতকাল রোববার শহরের শেখ রাসেল স্কয়ারে মানববন্ধন করে প্রতিবাদ জানিয়েছে। সামাজিক সংগঠন পাথরঘাটা প্রেসক্লাব, আলতাফ হায়দার ফাউন্ডেশন ও এসো বই পড়ি এবং স্বেচ্ছায় রক্তদান সংগঠন প্রত্যয়, রক্তের বন্ধন ও রক্তের সন্ধানে এর আয়োজন করে।
পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি মির্জা শহিদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, তাসলিমা মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক আবুল বাশার, মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, নবনির্বাচিত পৌর কাউন্সিলর মুনিরা ইয়াসমিন, স্বেচ্ছায় রক্তদানের সংগঠন রক্তের বন্ধনের সভাপতি রুহিআনান দানিয়াল প্রমুখ।
মানববন্ধনে ছাত্র, শিক্ষক, অভিভাবক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, আইনজীবী, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ দেড় সহস্রাধিক মানুষ অংশ নেন।
পাথরঘাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা আলম বলেন, মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত নোট-গাইড নিষিদ্ধ করা হয়েছে। তা ছাড়া সরকার বিনা মূল্যে গ্রামার ও ব্যাকরণ বইও দিচ্ছে। তাই আলাদাভাবে গ্রামার ও ব্যাকরণ বই কেনার কোনো প্রয়োজন নেই।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গোলাম হায়দার বলেন, প্রাথমিক পর্যায়ে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত নোট-গাইড নিষিদ্ধ। সৃজনশীল শিক্ষাব্যবস্থায় নোট-গাইডের প্রয়োজন নেই।
এ ব্যাপারে বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. নূরুজ্জামান বলেন, নোট-গাইড বন্ধে মানববন্ধন করা একটি ভালো উদ্যোগ। তবে পাথরঘাটাসহ পুরো জেলায় শিগগিরই নোট-গাইড বন্ধে অভিযান চালানো হবে।
‘পড়ানো হচ্ছে পাঠ্যসূচিবহির্ভূত ব্যাকরণ ও গাইড’ শিরোনামে গত ২১ জানুয়ারি প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।