বাজারে ধান-চালের দাম বেশি সংগ্রহ অভিযানে মন্থর গতি
কৃষক এবার ধান-চালের ভালো দাম পাচ্ছেন। কিন্তু সরকারের বেঁধে দেওয়া দাম বাজার দরের চেয়ে কম হওয়ায় দেশের বিভিন্ন স্থানে সরকারের ধান-চাল সংগ্রহ অভিযানে মন্থর গতি দেখা দিয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: নীলফামারী: ধান-চালের বাজারদরের তুলনায় সরকারি মূল্য কম হওয়ায় সরকারি ক্রয় অভিযানে গতি বাড়ছে না। নীলফামারীর বিভিন্ন হাটবাজারে খবর নিয়ে জানা যায়, প্রতি কেজি কাঁচা ধান ১৫ থেকে সাড়ে ১৫ টাকায় বিক্রি হচ্ছে। যা শুকানোর পর প্রতি কেজি ১৭ টাকার বেশি পড়বে। সরকার প্রতি কেজি ধানের দাম ১৭ টাকা ও চাল ২৫ টাকা বেঁধে দিয়েছে।ব্যবসায়ীরা বলছেন, যে চালের সরকারি মূল্য দেওয়া হয়েছে ২৫ টাকা, ওই চাল এখন বাজারে ২৬-২৭ টাকা দরে বিক্রি হচ্ছে। সে কারণে চুক্তিবদ্ধ হওয়ার পরও উচ্চ বাজারমূল্যের কারণে সরকারকে তা দেওয়া যাচ্ছে না।জেলা সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হোসেন মিয়া বলেন, ধানের ক্রয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭৭৬ মেট্রিক টন এবং চাল পাঁচ হাজার ২৪০ মেট্রিক টন। এর বিপরীতে কেনা হয়েছে ধান আট টন এবং চাল ৪৪৮ মেট্রিক টন। তিনি বলেন, বাজারে দাম বেশি ও আবহাওয়া খারাপ হওয়ায় ব্যবসায়ীরা চাল দিতে পারছেন না।নওগাঁ: গত দুই সপ্তাহের ব্যবধানে স্থানীয় হাটবাজারে ধানের তুলনায় চালের দাম মণপ্রতি এক থেকে দেড় শ টাকা কমে গেছে। বাজারে ধানের সরবরাহ কমে যাওয়াসহ দেশের বড় বড় চালের মোকামে নওগাঁর তৈরি চালের চাহিদা হ্রাস পাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে স্থানীয় ধান ও চাল ব্যবসায়ী সূত্রে জানা গেছে। অন্যদিকে ধানের বাজারমূল্য বৃদ্ধি পাওয়ায় সরকারিভাবে ধান ও চাল সংগ্রহ অভিযান থমকে গেছে। এক মাসেরও বেশি সময় আগে শুরু হওয়া সংগ্রহ অভিযানে নওগাঁয় লক্ষ্যমাত্রার সিকি ভাগও অর্জিত হয়নি।জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, ১১ উপজেলার কৃষক ও স্থানীয় চালকল মালিকদের কাছ থেকে চলতি বোরো মৌসুমে ৭৬ হাজার মেট্রিক টন চাল ও ছয় হাজার ৫৮ মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর বিপরীতে গত সোমবার পর্যন্ত নওগাঁয় ধান ও চাল কেনা হয়েছে যথাক্রমে এক হাজার ৬০০ ও ১৪ হাজার ৫০০ মেট্রিক টন।জেলা খাদ্য নিয়ন্ত্রক সন্তোষ কুমার পণ্ডিত জানান, ধানের বাজারমূল্য বেশি হওয়ায় সরকারি ক্রয়কেন্দ্রে কৃষকেরা ধান বিক্রি করতে আসছেন না। ফলে সংগ্রহ অভিযানের লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না।রংপুর: রংপুরে এবার বোরোর বাম্পার ফলন হয়েছে। কৃষকেরা ধানের ভালো দাম পাচ্ছেন। গঙ্গাচড়ার নবনিদাস গ্রামের কৃষক রেজাউল করিম প্রায় দেড় একর জমিতে ধান আবাদ করে ভালো ফলন পেয়েছেন। মোটা ও চিকন জাতের ধান বর্তমানে মণপ্রতি মোটা ৫৮০ থেকে ৬০০ এবং চিকন ৬২০ থেকে ৬৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।জেলা খাদ্য কর্মকর্তা এস এম মহসীন জানান, জেলায় ৩৮ হাজার ১৭১ মেট্রিক টন চাল ও চার হাজার ১৪৭ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত ১ মে থেকে সংগ্রহ অভিযান শুরু হয়েছে। এ পর্যন্ত চাল তিন হাজার ১৩৫ মেট্রিক টন এবং ধান ১১২ মেট্রিক টন সংগ্রহ করা গেছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘এখনো সময় আছে। আমাদের এই সংগ্রহ অভিযান সফল হবে।’