বাজারে ধানের দাম থাকলেও কৃষকের মুখে হাসি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগত পাঁচ বছরের তুলনায় চলতি মৌসুমে বাজারে ধানের দাম বেশি। তবু রংপুরের বদরগঞ্জে কৃষকের চেহারায় হাসি নেই। কারণ, এবার ধান উৎপাদনে কাটা-মাড়াইসহ কৃষকের যে খরচ পড়ছে, তা বিগত যেকোনো বছরের তুলনায় তিন-চার গুণ বেশি। অন্যদিকে বিআর ২৮ জাতের ধান চাষ করে অনেক কৃষকের এবার সর্বনাশ হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এবার পৌরসভাসহ উপজেলার ১০ ইউনিয়নে ১৭ হাজার ৪১০ হেক্টর জমিতে ইরি-বোরোর চাষ হয়েছে। এর মধ্যে ৪ হাজার হেক্টরে ছিল ব্রি-২৮ জাতের ধান। গত মাসে বৈরী আবহাওয়ার কারণে ২৮ জাতের ধানে দেখা দেয় নেকব্লাস্ট রোগ। এতে বেশির ভাগ জমির ধান একেবারেই নষ্ট হয়। কিছু জমিতে এই ধান থাকলেও তুলনামূলকভাবে ফলেছে চার ভাগের এক ভাগ। এতে এই জাতের ধানচাষিদের লোকসান গুনতে হচ্ছে।
উপজেলা কৃষি কার্যালয় এবং অন্তত ২৫ জন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি মৌসুমে মিনিকেট, বিআর ১৫, ১৬, ব্রি ২৯, ৩৪ ও ৫০ জাতের ধানসহ অন্যান্য জাতের ধানের ফলন ভালো হয়েছে। কিন্তু শ্রমিকের অভাবে ধান কেটে ঘরে তুলতে পারছেন না কৃষকেরা। উপজেলায় কর্মসৃজন প্রকল্প চালু থাকায় ধান কাটা ও মাড়াইয়ের ভরা মৌসুমে দেখা দিয়েছে শ্রমিকের সংকট। এই সুযোগে শ্রমিকের মজুরি বেড়েছে। বেড়েছে ধান কাটা ও মাড়াইয়ের খরচ।
দামোদরপুর ইউনিয়নের আসমতপাড়া গ্রামের কৃষক ওবায়দুল হক বলেন, ‘এবার ৩৫ বিঘা জমিতে ইরি-বোরো ধান লাগিয়েছি। কিন্তু ধান কাটার শ্রমিক পাচ্ছি না। শ্রমিকেরা সরকারের মাটি কাটার (কর্মসৃজন প্রকল্পের) কাজ করছেন। এক বিঘা জমির ধান কাটা-মাড়াই করতে ৮ থেকে ১০ হাজার টাকা দিয়েও শ্রমিক মিলছে না। গত বছর প্রতি বিঘা জমির ধান কাটা-মাড়াইয়ে খরচ পড়েছিল দুই থেকে আড়াই হাজার টাকা। এ কারণে বিগত কয়েক বছরের তুলনায় বাজারে এবার ধানের দাম বেশি থাকলেও কৃষক পোষাতে পারছেন না।’
কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গত ২৫ এপ্রিল থেকে উপজেলায় ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। শ্রমিকের সংকটে বহু জমিতেই পাকা ধান রয়ে গেছে। বর্তমানে আবহাওয়ার অবস্থা ভালো নয়। ঝড়-বৃষ্টি হলে জমিতে থাকা ওই পাকা ধানের অনেক খতি হবে। তাই দ্রুত ওই ধান জমি থেকে কেটে মাড়াই করা দরকার।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ‘২৯ এপ্রিল থেকে উপজেলার ১০ ইউনিয়নে ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির কাজ (মাটি কাটার) শুরু হয়েছে। এতে উপজেলায় ৩ হাজার ১৮২ জন শ্রমিক সপ্তাহে পাঁচ দিন (শুক্র ও বৃহস্পতিবার ব্যতিত) ওই প্রকল্পের কাজ করছেন।
আমরুলবাড়ি তুফানুপাড়া গ্রামের কৃষক মমিনুল ইসলাম বলেন, ‘প্রতি বিঘা জমিতে ধান উৎপাদনে নিড়ানি, সার, চাষ, সেচ, কাটা-মাড়াইসহ অন্যান্য কাজে খরচ পড়ছে নিম্নে ২৫ হাজার টাকা। এক বিঘা (৬০ শতক) জমিতে ধান পাওয়া যাচ্ছে ৪৫ থেকে ৫০ মণ। বর্তমান বাজার অনুযায়ী প্রতি মণ ৬০০ টাকা হিসাবে ৫০ মণ ধান বিক্রি করলে দাম হয় ৩০ হাজার টাকা। আগের বছরের মতো এবার ধান আবাদ করে লোকসান না হলেও তেমন লাভও নেই।
উপজেলা কৃষি কার্যালয়ের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কনক চন্দ্র রায় বলেন, ‘শ্রমিকের সংকটে এখনো অনেক জমিতে পাকা ধান রয়ে গেছে। উপজেলায় কর্মসৃজন প্রকল্পের কাজ চলমান থাকায় এলাকায় শ্রমিকের সংকট দেখা দিয়েছে। বিগত পাঁচ বছরের তুলনায় এবার বাজারে ধানের দাম বেশি। কিন্তু উৎপাদন ও কাটা-মাড়াইয়ের খরচ বেড়ে যাওয়ায় কৃষক খুব একটা লাভবান হচ্ছে না।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) গোলাম কিবরিয়া বলেন, কর্মসৃজন প্রকল্প চালু করতে না পারলে টাকা ফেরত যেত। এখন জমিতে ধান থাকায় মাটিও পাওয়া যাচ্ছে না। তাই কর্মসৃজনের শ্রমিকেরা বিভিন্ন ইউনিয়নে অলস সময় পার করছেন।