বাজারে পাইকার নেই, বিপাকে সবজিচাষিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা হরতালের কারণে দেশের বিভিন্ন স্থান থেকে পাইকারি ব্যবসায়ীরা হাটে আসতে না পারায় বিপাকে পড়েছেন সবজিচাষিরা। তাঁরা নামমাত্র মূল্যে সবজি বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও কার্যালয় থেকে জানা গেছে, জেলায় প্রায় ১০ হাজার হেক্টর জমিতে প্রতিবছর সবজি চাষ হয়। এবার বেশি লাভের আশায় চাষিরা শীতকালীন আগাম সবজি চাষ করেছেন। এসব সবজির মধ্যে রয়েছে ফুলকপি, বাঁধাকপি, লাউ, শিম, মুলা ও বরবটি।
স্থানীয় সূত্রে জানা গেছে, চাষিরা জেলা শহরের গোবিন্দনগর পাইকারি বাজারে সবজি বিক্রি করতে আনেন। পাইকারি ব্যবসায়ীরা এখান থেকে সবজি কিনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকেন।
গতকাল সোমবার সকাল সাড়ে আটটার দিকে শহরের ওই পাইকারি সবজির বাজারে গিয়ে দেখা গেছে, সবজিচাষিরা রিকশাভ্যান ও মাথায় করে বিভিন্ন জায়গা থেকে সবজি নিয়ে বাজারে আসছেন। দুপুর ১২টায় পুনরায় গিয়ে দেখা গেছে, সকালে আনা ওই সবজির স্তূপ সড়কের পাশেই পড়ে রয়েছে। কৃষকেরা জানান, হরতালের কারণে বাজারে পাইকার নেই। স্থানীয় পাইকারেরাও পচে যাওয়ার আশঙ্কায় মাল কিনছেন না। বাজারে সবজি যা বিক্রি হয়েছে, তাও অর্ধেকের কম দামে।
সবজি আড়তে করলা বিক্রি করতে আসা সদর উপজেলার নারগুন গ্রামের মানিক হোসেন বলেন, হরতালের আগে তিনি করলা বিক্রি করেছেন ৯৬০ টাকা মণ দরে। গতকাল ক্রেতা না থাকায় এক আড়তদারকে ধরে তিনি ৪০০ টাকা মণ দরে করলা বিক্রি করেছেন।
ঢাকার কারওয়ান বাজারের এক সবজি ব্যবসায়ীর পক্ষে ওই বাজারে আসা পাইকার পরিমল সরকার বলেন, ‘মনে করেছিলাম, হরতাল এড়িয়ে সবজির গাড়ি ঢাকা নিয়ে যাওয়া যাবে। সবজি কেনার পর ঢাকায় যেতে কোনো গাড়িচালককে রাজি করাতে পারিনি।’
ঠাকুরগাঁও কৃষি সম্পসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. বেলায়েত হোসেন বলেন, পাইকারেরা বাইরে সবজি পাঠাতে পারছেন না। ফলে জেলার চাষিরা সবজি বিক্রি করতে পারছেন না।