বাজারে বর্ষার সবজি, দাম বাড়তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাজারে এসেছে বর্ষার হরেক রকম সবজি। ছবিটি হাতিরপুল বাজার থেকে তোলা। ছবি: মোছাব্বের হোসেন
বাজারে এসেছে বর্ষার হরেক রকম সবজি। ছবিটি হাতিরপুল বাজার থেকে তোলা। ছবি: মোছাব্বের হোসেন

দেশের বিভিন্ন স্থানে বন্যার প্রভাব পড়েছে রাজধানীর সবজি বাজারে। বিক্রেতারা বলছেন, যেসব এলাকায় সবজি চাষ হয়, সেসব এলাকায় বন্যার কারণে সবজিখেত নষ্ট হয়ে গেছে। তাই বাজারে সবজির দাম বাড়তি।

আজ শনিবার রাজধানীর কাঁঠালবাগান, কারওয়ান বাজার ও হাতিরপুল বাজারে গিয়ে বর্ষার হরেক রকম সবজি দেখা যায়। এসব সবজির দাম গত সপ্তাহের তুলনায় কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা বেড়েছে।

বিক্রেতারা বলছেন, বর্ষায় কাঁকরোল, ঝিঙে, চিচিঙ্গা, পটোল, ঢ্যাঁড়স, কচুমুখি, কচুর লতি, চালকুমড়া পাওয়া যাচ্ছে। এই অসময়ে শীতের সবজি শিমও বাজারে উঠেছে। শীতের সবজি ফুলকপি-বাঁধাকপিও আছে বাজারে।

হাতিরপুল ও কাঁঠালবাগান বাজারে পটোল, কাঁকরোল, করলা, কচুমুখি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে। ঢ্যাঁড়স ৫০ টাকা, বেগুন ৬০, শিম ১৪০, ঝিঙে ও চিচিঙ্গা ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শীতের আরেক সবজি টমেটো বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে।

সবজি বিক্রেতা মো. সবুজ বলেন, বর্ষার সব সবজিই বাজারে আছে। সরবরাহ কিছুটা কম বলে দাম বেশি। গত কয়েক দিনে বন্যার কারণে সবজির সরবরাহ কম বলে এই বাড়তি দাম। তিনি বলেন, ‘বাড়ি-খেত সব ডুইবা গেছে। মানুষ বাড়িঘর ছাইড়া অন্য জায়গায় গেছে। খেতে পানি। তাই সবজির বাজারও চড়া।’

আরেক বিক্রেতা হাসান বলেন, ‘যেসব এলাকায় সবজি বেশি হয়, সেইখানে পানি উঠছে। এর লাইগা সবজির দাম বেশি। আমরাও বেশি দামে কিনতাছি, তাই বেচতেও হয় বেশি দামে।’

অসময়ে বাজারে উঠেছে শিম। কেজি ১৪০ টাকা। ছবি: মোছাব্বের হোসেন
অসময়ে বাজারে উঠেছে শিম। কেজি ১৪০ টাকা। ছবি: মোছাব্বের হোসেন

কারওয়ান বাজারে ঘুরে দেখা গেল, অন্য দুই বাজারের তুলনায় প্রায় সব সবজির দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা কম। এখানে কাঁকরোল ৪০ টাকা, কচুমুখি ৩০, পটোল ৩০, ঢ্যাঁড়স ২৫-৩০, চিচিঙ্গা ৩০, ঝিঙে ৪০, করলা ৪০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতা মো. আরিফ বলেন, বন্যায় ফসল নষ্ট হয়েছে, তাই দাম বাড়তি।

প্রতিদিন সবজি কেনেন—এমন একজন ক্রেতা পুলিশ সদস্য মাইদুল ইসলাম। তিনি বলেন, ‘আমার বাসার জন্য ও স্যারের বাসার জন্য প্রতিদিন বাজারে আসতে হয়। প্রতিটি সবজির দাম বেশি। ৪০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। অথচ এক সপ্তাহ আগেও দাম কম ছিল।’

আরেক ক্রেতা তেজগাঁও এলাকার বাসিন্দা মাজেদুল বলেন, বর্ষার সবজি বাজারে আছে, তবে দাম কিছুটা বেশি। বিক্রেতারা তো বলছেন বন্যার কারণে দাম বেশি। তবে বন্যা কমে গেলে তাঁরা অন্য অজুহাতে আবার দাম বেশি রাখেন। দাম কমে না, বাড়তেই থাকে।