বাজারে বিক্রি হচ্ছে জেলি মেশানো গলদা চিংড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বিভিন্ন মাছের বাজারে জেলি ও বার্লি মেশানো গলদা চিংড়ি বিক্রির অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি মৎস্য বিভাগের অভিযানেও জেলি মেশানো মাছের সন্ধান মিলেছে। খুলনা ও সাতক্ষীরা অঞ্চল থেকে এসব মাছ চট্টগ্রামের বাজারে আসে বলে জানা গেছে। মাছের ওজন বাড়ানোর কৌশল হিসেবে এসব মেশানো হয়।
মৎস্য বিভাগ ও মাছ ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, গলদা চিংড়ির কানগুলো আকারে কিছুটা বড় হয়। সেই কানের ভেতরে ওজন বাড়াতে ঢোকানো হয় পানি ও সাদা রঙের একধরনের জেলি। আর সিরিঞ্জ দিয়ে পেটে ঢুকিয়ে দেওয়া হয় বার্লি।
খোঁজ নিয়ে জানা যায়, জেলি মেশানো এসব মাছ নগরের ফিরিঙ্গিবাজার ফিশারিঘাট মাছের আড়ত থেকে রিয়াজ উদ্দিন বাজার, কর্ণফুলী চৌমুহনী বাজার, কাজীর দেউড়ি বাজারে চলে যায়। এ ব্যাপারে জানতে চাইলে রিয়াজ উদ্দিন বাজারের এক মাছ ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমরা শুনেছি। কিন্তু এখানে আমাদের কোনো দোষ নেই। আমরা মাছে কিছু মেশাই না। আমরা মাছের আড়ত থেকে মাছ কিনে এনে বিক্রি করি।’
জেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন জানান, ‘খুলনা ও সাতক্ষীরা অঞ্চলের মাছ ব্যবসায়ীদের একটি চক্র গলদা চিংড়ির ওজন বাড়াতে জেলি ও বার্লি মিশিয়ে থাকে। এগুলো নগরের ফিশারি ঘাটের মাছের আড়ত হয়ে নগরের বিভিন্ন বাজারে চলে যায়। আমরা খবর পেলেই মাছের বাজারগুলোতে অভিযান পরিচালনা করি। গত বছরেও এ ধরনের বড় একটি মাছের চালান জব্দ করেছিলাম।’
গত ১৯ মার্চ চট্টগ্রাম নগরের ফিশারি ঘাট এলাকার মাছের আড়তের তিনটি দোকানে অভিযান চালিয়ে জেলি মেশানো প্রায় ৬০ কেজি ওজনের গলদা চিংড়ি জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি দোকান-মালিকের কোনো হদিস পাওয়া যায়নি বলে জানা গেছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট ঝুটন দত্ত প্রথম আলোকে বলেন, ‘আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েছিলাম। ওজন বাড়াতেই মাছে জেলি মেশানো হয়। এটা সাধারণ ক্রেতাদের প্রতারিত করার একটা অপকৌশল।’
জেলি, বার্লি প্রভৃতি মেশানো গলদা চিংড়ি খেলে কোনো স্বাস্থ্য সমস্যা হয় কি না জানতে চাইলে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক শেখ হাসান আল মামুন বলেন, জেলি তো খাওয়াই যায়, সেই হিসেবে বড় ধরনের কোনো স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা করা যায় না। কিন্তু ওজন বাড়ানোর কৌশল হিসেবে যারা জেলি অথবা বার্লি মেশায় তারা নিশ্চয়ই ভালো মানের কিছু মেশাবে না। সে ক্ষেত্রে কিছুটা খাদ্যে বিষক্রিয়ার (ফুড পয়জনিং) শঙ্কা থাকতে পারে। তবে ওসব মাছ ভালো করে ধুয়ে রান্না করা হলে সেই ঝুঁকি থেকে মুক্ত হওয়া সম্ভব।