বাজারে বিদ্যুৎ নেই আট দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সফরমার বিকল হওয়ায় রংপুরের পীরগাছা উপজেলার দেবী চৌধুরাণী বাজারে আট দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে ওই বাজারের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বেচাকেনা কমে গেছে।
ব্যবসায়ীরা জানান, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস)-১ পীরগাছা আঞ্চলিক কার্যালয়ের অধীনে একটি ট্রান্সফরমারের মাধ্যমে ওই বাজারের ৪৬ ব্যবসায়ীর প্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহ করা হয়। ৮ আগস্ট সকালে ১৫ কেভি ক্ষমতার ট্রান্সফরমারটি বিকল হয়ে যায়। ওই দিনই ব্যবসায়ীরা বিদ্যুৎ সরবরাহের জন্য পবিসের স্থানীয় কার্যালয়ে যোগাযোগ করেন। ওই দিনই পবিসের পক্ষ থেকে ট্রান্সফরমারটি খুলে নেওয়া হয়। একই দিন বিকেলে একটি নতুন ট্রান্সফরমার লাগানো হয়। কিন্তু লোড নিতে না পারায় এটি আবার খুলে নিয়ে যাওয়া হয়।
বাজারের ব্যবসায়ী রমজান আলী, বাদশাহ মিয়া, মিলন মিয়া ও সাইফুল ইসলাম বলেন, ঈদের আগের দিন (৮ আগস্ট) থেকে বিদ্যুৎ না থাকায় ব্যবসা প্রতিষ্ঠানে বেচাকেনা কমে যাওয়ায় তাঁদের লোকসান হচ্ছে। পবিসের কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার কারণে তাঁরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
বাজারের ব্যবসায়ী আতাউর রহমান তরফদার জানান, বিদ্যুৎ সরবরাহের পবিস কার্যালয়ে যোগাযোগ করা হলে কর্মকর্তারা এ বাজারে ২৫ কেভি ক্ষমতার নতুন ট্রান্সফরমার স্থাপন করতে হবে বলে তাঁদের জানান। এ জন্য তাঁরা ৮১ হাজার টাকা দাবি করেন।
রংপুর পবিস-১-এর পীরগাছা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বিপণন) এহতেশাম জানান, আগের ১৫ কেভি ট্রান্সফরমার দিয়ে ওই বাজারে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এখন সেখানে ২৫ কেভি ক্ষমতার ট্রান্সফরমার প্রয়োজন। তাই গ্রাহকদের ১০ কেভির জন্য ৫৩ হাজার ও অন্য খরচ বাবদ ২৮ হাজার টাকা দিতে হবে। উপমহাব্যবস্থাপক ফিরোজ আল মোজাহিদ বলেন, ওই বাজারের ব্যবসায়ীরা তাঁদের কার্যালয়ে ৮১ হাজার টাকা জমা দিলে নতুন ট্রান্সফরমার স্থাপন করে বিদ্যুৎ সরবরাহের উদ্যোগ নেওয়া হবে।