বাজারে বেগুনের সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতি কেজি বেগুন গতকাল কারওয়ান বাজারে বিক্রি হয় ৯০ থেকে ১০০ টাকা l প্রথম আলো
প্রতি কেজি বেগুন গতকাল কারওয়ান বাজারে বিক্রি হয় ৯০ থেকে ১০০ টাকা l প্রথম আলো

বাজারে সেঞ্চুরি করল বেগুন! কারওয়ান বাজারের খুচরা বিক্রেতারা গতকাল বৃহস্পতিবার বেগুন বিক্রি করেছেন ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে। অথচ একই বাজারের আড়তে গতকাল বেগুন বিক্রি হয়েছে ৫০-৬০ টাকায়। রাজধানীর অন্যান্য বাজারেও বেগুন কোথাও সেঞ্চুরি করেছে, কোথাও আটকে আছে নব্বইয়ের ঘরে।
ইফতারের অন্যতম অনুষঙ্গ বেগুনি তৈরিতে বহুল ব্যবহৃত এই বেগুনের দাম খুচরা পর্যায়ে এক সপ্তাহ আগেও ছিল এখনকার দামের অর্ধেক। অবশ্য বাজারে নিম্নমানের কিছু বেগুনও বিক্রি হচ্ছে ৭০-৭৫ টাকায়।
রমজানের আগের দিন গতকাল রাজধানীর কাঁচাবাজারগুলো মানুষকে কতটা ভোগান্তিতে ফেলে, তা সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজারদরের তালিকায় চোখ রাখলেই স্পষ্ট হয়ে যায়। সরকারি হিসাবেই, গতকাল অন্তত আট ধরনের নিত্যপণ্যের দাম বেড়েছে। এ তালিকায় আছে, পেঁয়াজ, রসুন, আদা, আলু, পামতেল।
বাজার ঘুরেও দেখা গেছে, এক দিনে বেগুনের দাম বেড়েছে কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা। পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে অন্তত ৫ টাকা। আদার দাম বেড়েছে ২০ থেকে ৪০ টাকা। রসুনের দাম বেড়েছে ১০ টাকা। অন্যান্য প্রায় সব ধরনের তরিতরকারির দামও বেড়েছে। বেড়েছে ছোলা ও অ্যাংকর ডালের দামও।
তরিতরকারি: ইফতারের সময় প্রয়োজন পড়ে এমন সব সবজি ও তরিতরকারির দামই গতকাল বেশি বেড়েছে। শসার দাম কেজিতে ২০ টাকা বেড়ে ৬০ টাকায় দাঁড়িয়েছে। ধনেপাতার কেজি ২০০ টাকা ছাড়িয়েছে। এমনকি আলুর দামও প্রতি কেজিতে ৫ টাকা বেড়ে ২৫ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচ প্রতি কেজি ৫০-৬০ টাকা, তবে এর দামও এক সপ্তাহে হয়ে গেছে দ্বিগুণ।
পেঁয়াজ-রসুন-আদা: বাংলাদেশ ট্যারিফ কমিশনের হিসাবে, দেশে রমজান মাসে তিন লাখ টন পেঁয়াজের চাহিদা থাকে। কমিশনের সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী, দেশি পেঁয়াজের সরবরাহ বেশি। ভারতেও পেঁয়াজের দাম স্থির। দাম বাড়ার সম্ভাবনা নেই। কিন্তু পেঁয়াজের দাম ঠিকই বেড়ে গেছে। গতকাল বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৪৫ থেকে ৫০ টাকায়। এই পেঁয়াজের দাম বেড়েছে ৫ থেকে ৮ টাকা। এমনকি প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী পেঁয়াজ আমদানিতে সুবিধা দেওয়ার পরও ভারতীয় পেঁয়াজের দামও বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। গত সপ্তাহে ভারতীয় পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হলেও গতকাল তা বিক্রি হয়েছে ৪৫ টাকায়।
এ ছাড়া কেজিতে ১০ টাকা বেড়ে দেশি রসুন ৬৫ টাকা ও আমদানি করা চীনা রসুন ৯৫ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। আর কেজিতে ২০ টাকা বেড়ে চীনা আদা ১৫০ টাকা ও ভারতীয় আদা ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।
ছোলা ও ইফতারের অনুষঙ্গ: ছোলা গতকাল কেজিপ্রতি বিক্রি হয়েছে ৬৫ থেকে ৭০ টাকায়।
পেঁয়াজু তৈরির ডাল হিসেবে পরিচিত অ্যাংকর ডালের দামও বেড়েছে। বিক্রি হচ্ছে কেজি এখন ৫২ থেকে ৬০ টাকায়। খেসারির ডাল বিক্রি হচ্ছে ৬০ টাকায়। মুড়ির দামও বেড়ে গেছে কেজিতে প্রায় ৩০ টাকা। খেজুরের দাম কেজিতে অন্তত ৫০ টাকা বেড়েছে। ভোজ্যতেল ও চিনির দামে তেমন হেরফের হয়নি।
মাছ-মাংস: গরুর মাংসের দাম এতটাই বেশি যে সবাই গতকাল ছুটেছেন মাছের বাজারে। কিন্তু সেখানেও কোনো সুখবর ছিল না। গরিবের মাছ বলে পরিচিত পাঙাশ প্রায় সারা বছরই কেজিপ্রতি ১১০ থেকে ১৩০ টাকার মধ্যে পাওয়া যায়। গতকাল বাজারে এর দাম হয়ে গেছে ১৩০ থেকে ১৬০ টাকা। যে রুই মাছ সপ্তাহ খানেক আগেও ১৭০ থেকে ১৮০ টাকায় ক্রেতারা কিনতে পারতেন, গতকাল তা কিনতে হয়েছে ২০০ থেকে ২৩০ টাকায়। কাতল মাছের ক্ষেত্রেও একই অবস্থা।