বাজারে মাছের আকাল
বরগুনার আমতলী উপজেলার হাটবাজারগুলোতে বর্ষার ভরা মৌসুমেও মাছের আকাল দেখা দিয়েছে। বাজারে দেশি প্রজাতির মাছের তো দেখাই মেলে না। খামারে চাষ করা বিদেশি নির্দিষ্ট কয়েক জাতের মাছ বাজারে উঠলেও তার দাম সাধারণ মানুষের নাগালের বাইরে।খাল-বিল মরে যাওয়া, জলাধারে অবৈধ জালের যথেচ্ছ ব্যবহার, ফসলি জমিতে মাত্রাতিরিক্ত কীটনাশকের প্রয়োগে দেশি প্রজাতির মাছ হারিয়ে যাচ্ছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। উপজেলা মৎস্য দপ্তরের হিসাব অনুযায়ী আমতলী উপজেলায় উন্মুক্ত জলাধার (নদী ও খাল) রয়েছে তিন হাজার ৫০০ হেক্টর। বদ্ধ জলাশয়ের পরিমাণ এক হাজার ৩০০ হেক্টর। মাত্র পাঁচ বছর আগেও বদ্ধ জলাশয়ের পরিমাণ ছিল চার গুণ ও উন্মুক্ত জলাশয় দ্বিগুণেরও বেশি। উপজেলার বিভিন্ন বাজারে প্রাকৃতিক ও দেশি জাতের শিং, মাগুর, কই, শোল, কালিবোস, পুঁটি, টেংরা, পাবদা, মলা, টাকি, বেলে, রুই, কাতলা, পাঙাশ প্রভৃতি মাছ প্রচুর পরিমাণে পাওয়া যেত বলে আমতলী উপজেলা একসময় মাছের দেশ হিসেবে পরিচিত ছিল। মৎস্য দপ্তরের বিগত বছরগুলোর হিসাব অনুয়ায়ী আমতলী উপজেলায় চাহিদার তুলনায় প্রতিবছর প্রায় তিন হাজার টন মাছ বেশি আহরিত হতো। বর্তমানে আমতলীর বাজারগুলোতে বিক্রেতারা চাষের পাঙাশ, তেলাপিয়া, হাইব্রিড রুই, বিগহেড, চাইনিজ পুঁটি প্রভৃতি বিদেশি জাতের মাছ এবং সামান্য কিছু জাটকা নিয়ে বসে থাকছেন। দামও হাঁকছেন খুব চড়া। সাধারণ ক্রেতাদের বেশির ভাগকেই নদীর লাল দগরি (চেউয়া) মাছ কিনেই সন্তুষ্ট থাকতে হচ্ছে বলে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে আলাপকালে তাঁরা জানিয়েছেন। আমতলী উপজেলা মৎস্য কর্মকর্তা বায়েজিদ আলম জানান, খাল-বিলগুলো মরে যাওয়ায় দেশি প্রজাতির মাছ যেমন, শিং, মাগুর, কই, শোল, কালিবোস, পুঁটি, টেংরা, পাবদা, মলা, টাকি, বেলে প্রভৃতি মাছের প্রজননক্ষেত্র ও উৎস্য নষ্ট হয়ে গেছে। তা ছাড়া পায়রা নদীর মোহনায় গভীরতা কমেও মাছের গতিপথ পাল্টে গেছে। বিভিন্ন ছোট ফাঁসের জাল, কারেন্ট জাল, মশারির জালের যথেচ্ছ ব্যবহারের কারনে নদী ও খালেও মাছের আকাল পড়েছে। বিশেষ করে নদী, বড় খাল ও সাগর মোহনায় মশারির জাল ব্যবহার করে প্রায় সারা বছর বাগদা চিংড়ির রেণু পোনা ধরা হচ্ছে। একইভাবে গলদা পোনার রেণু সংগ্রহ করা হয় বৈশাখ থেকে শ্রাবণ মাস অবধি। চিংড়ির একটি রেণু পোনা সংগ্রহ করার সময় শিকারিরা গড়ে পাঁচ শতাধিক অন্যান্য জাতের মাছের পোনা ও প্লাংকটন নষ্ট করছেন বলে মৎস্য কর্মকর্তা আরও জানিয়েছেন। আমতলীর উপজেলা কৃষি কর্মকর্তা সন্তোষ মণ্ডল জানান, ফসলি জমিতে কৃষকেরা মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহার করায় ফসলি জমিতে বোয়াল, কইয়ের মতো দেশি মাছগুলো আর পাওয়া যাচ্ছে না। জমি ধুয়ে বিষ জলাশয়ে নেমেও সেখানকার মাছের পরিমাণ কমিয়ে ফেলেছে বলে তিনি মন্তব্য করেন।