চট্টগ্রামের বাজারে আবারও বেড়েছে মুরগির দাম। সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফায় বাড়ল মুরগির দাম। সরবরাহের ঘাটতিকেই দাম বাড়ার কারণ হিসেবে দেখিয়েছেন ব্যবসায়ীরা।
গতকাল শনিবার চট্টগ্রাম নগরের পাহাড়তলী বাজারে গিয়ে দেখা যায়, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি দরে। আগের দিন ১৫০ টাকা দামে বিক্রি করেছেন বলে জানান দোকানি মোহাম্মদ মিয়া। তিনি বলেন, মুরগির সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। রিয়াজউদ্দিন বাজার, কাজীর দেউড়ি ও কর্ণফুলী চৌমুহনী বাজারে গতকাল ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৬০-১৬৫ টাকা কেজি দরে।
গত সপ্তাহে ব্রয়লার মুরগির কেজি ছিল ১৪৫-১৫০ টাকা। এর আগের সপ্তাহে একই ধরনের মুরগি বিক্রি হয় ১৪০ টাকা কেজি। গতকালের বাজারে দেশি মুরগির দাম স্থিতিশীল ছিল। এগুলো বিক্রি হয়েছে ৩০০-৩২০ টাকায়।
বাজারে পেঁয়াজ-রসুনের দাম প্রায় অপরিবর্তিত ছিল। পেঁয়াজ ২৪-২৫ এবং রসুন ৭৮-৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। তবে গত সপ্তাহের তুলনায় আলু ও আদার দাম বেড়েছে কিছুটা। বন্দর থেকে সময়মতো পণ্য এসে পৌঁছাতে দেরি হওয়ায় দামের হেরফের হচ্ছে বলে জানালেন ব্যবসায়ীরা। গতকাল সবজির বাজারে গিয়ে ক্রেতাদের তেমন কোনো অভিযোগ শোনা যায়নি। দাম নিয়ে কোনো অস্বস্তি ছিল না কারও মধ্যে। টমেটো বিক্রি হয় ২৭-২৮, পটোল ২৬-২৮, করলা ৩৮-৪০, কাঁকরোল ৩৫-৩৬, পেঁপে ২৬-২৮, মিষ্টি কুমড়া ১৪-১৬ টাকা, চিচিঙ্গা ৩৮-৪০, গাজর ৩৫-৪০ টাকা কেজিতে বিক্রি হয়। কাঁচামরিচ বিক্রি হয়েছে ২৪-২৫ টাকা এবং ধনেপাতার কেজি ছিল ১০০-১২০ টাকা।