বাজারে মুরগির দাম কম লোকসানে খামারিরা
ঈদের পর হঠাৎ করে জয়পুরহাটের বাজারে সোনালি ও ব্রয়লার জাতের মুরগির দাম কমে গেছে। লোকসানের মুখে পড়ে খামারিরা এখন দিশেহারা।
খামারিদের দাবি, প্রতি কেজি সোনালি মুরগির উৎপাদন খরচ ১৮৫-১৯০ টাকা। কিন্তু বিক্রি করতে হচ্ছে ১৫০-১৫৫ টাকায়। এতে বড় ধরনের লোকসান পড়তে হচ্ছে খামারিদের।
সদর উপজেলার বানিয়াপাড়া গ্রামের খামারি কাওছার, শাহিন ও আবু কালাম জানান, কেজিপ্রতি মুরগিতে ৩০ টাকা থেকে ৪০ টাকা লোকসান দিতে হচ্ছে তাঁদের। ব্যবসা টিকিয়ে রাখাই দায় হয়ে পড়েছে। কাওছার বলেন, ‘ আমি সোনালি জাতের মুরগি ৬৫ দিন পরিচর্যা করে ১ হাজার ৭০০টি মুরগি কেজিপ্রতি ১৬০ টাকা দরে বিক্রি করেছি। এতে আমার লোকসান হয়েছে ৩৭ হাজার টাকা।’
জামালগঞ্জ বাজারের শেফালি পোলট্রি খামারের ব্যবস্থাপক আবদুল গণি বলেন, ২০-২৫ দিন ধরে মুরগির দাম কমে গেছে। তাঁর খামারের ৪০ হাজার মুরগি বিক্রি করে ১০ লাখ টাকা লোকসান হয়েছে। মুরগির দাম কমায় বাচ্চাও বিক্রি কমে গেছে।
পোলট্রি ও হ্যাচারি শিল্প সমিতি ও খামারি সূত্র জানায়, সোনালি জাতের এক দিনের বাচ্চা কিনে ৫৫ থেকে ৬০ দিন পরিচর্যা করলে প্রতিটি মুরগি ৬০০ গ্রাম থেকে ৭০০ গ্রাম ওজন হয়। পরে তা মাংসের জন্য বিক্রি করা হয়। সোনালি জাতের মুরগির ১ কেজি মাংস উৎপাদনে খামারিদের খাদ্য, ওষুধ ও শ্রমিকের খরচ দিয়ে ১৮৫-১৯০ টাকা খরচ হয়। আর বর্তমান বাজারে তা বিক্রি হচ্ছে ১৫৫ টাকা কেজি দরে। ঈদের আগে সোনালি জাতের ১ কেজি মুরগি পাইকারি দর ছিল ২০০ থেকে ২০৫ টাকা। বর্তমানে তা শহরে খুচরা ১৮০ টাকা বিক্রি হচ্ছে। আর সাদা জাতের ব্রয়লার মুরগি পাইকারি ১০০-১০৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর খুচরা বাজারমূল্য ১৩০-১৩৫ টাকা। অথচ প্রতি কেজি ব্রয়লার মুরগির উৎপাদন খরচই ১২০-১২৫ টাকা।
খামারিরা লোকসানে পড়ায় এখন নতুন করে মুরগির বাচ্চা কিনে পরিচর্যা করছেন না। ফলে ডিম থেকে বাচ্চা ফোটানোর হ্যাচারি মালিকেরাও বাচ্চা বিক্রি নিয়ে বিপাকে পড়েছেন। সোনালি জাতের এক দিনের বাচ্চা বর্তমানে বিক্রি হচ্ছে প্রতিটি ১২ টাকা দরে। তিন-চারটি হ্যাচারির মালিক জানান, ২০-২৫ দিন আগেও সোনালি জাতের এক দিনের বাচ্চা ১৮-২০ টাকা দরে বিক্রি হয়েছে। আট টাকায় একটি ডিম কিনে বাচ্চা উৎপাদন করতে ১৪-১৫ টাকা খরচ পড়ে। সেই বাচ্চা ১২ টাকা দামে বিক্রি করে লোকসান হচ্ছে।
জেলার ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা রোস্তম আলী বলেন, জয়পুরহাটে গত জুলাই মাসে ৬ হাজার মেট্রিক টন মাংস এবং ২০ লাখ ডিম উৎপাদন হয়। জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে ডিম ও মাংস সরবরাহ হয়। মুরগির দাম কমে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, খামার থেকে চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়া এবং বর্ষার কারণে বাজারে ছোট মাছের সরবরাহ বেড়ে যাওয়ায় মুরগির মাংসের চাহিদা কমে গেছে। ফলে এর প্রভাব গিয়ে পড়েছে মুরগির দামে। তবে আগামী কোরবানির ঈদের পর দাম বেড়ে যাবে বলে তিনি আশা করেন।
জয়পুরহাট শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি এবং পোলট্রি ও হ্যাচারি শিল্পের মালিক বেলায়েত হোসেন বলেন, জেলায় প্রায় ১০ হাজার পোলট্রি খামার, ২৫টি হ্যাচারি এবং ১২টি ফিড মিল (মুরগির খাদ্য তৈরির কারখানা) রয়েছে। এ ছাড়া পোলট্রি খামারকে ঘিরে মুরগির খাদ্য ও মুরগির ভ্যাকসিনের (ওষুধ) ব্যবসা গড়ে উঠেছে জেলার বিভিন্ন গ্রামে-গঞ্জে। এ জেলায় পোলট্রি শিল্পে ১০-১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে। সরকারিভাবে পৃষ্ঠপোষকতা না দিলে এই শিল্প চরম বিপর্যয়ের মুখে পড়বে।