বাজারে রোগাক্রান্ত ভারতীয় গরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার বিভিন্ন হাট-বাজারে ক্ষুরারোগে আক্রান্ত গরু বিক্রি হচ্ছে। কোরবানির জন্য এসব গরু কিনে অনেক ক্রেতা প্রতারিত হচ্ছেন। কোরবানি ঈদকে কেন্দ্র করে ভারতীয় গরুর আমদানি বেড়ে যাওয়ায় ক্ষুরারোগের প্রাদুর্ভাব বেড়েছে।
বরগুনা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান গতকাল রোববার দুপুরে প্রথম আলোকে বলেন, বরগুনায় আগে কোনো জায়গায় ক্ষুরারোগের অস্তিত্ব ছিল না। কিন্তু গত এক সপ্তাহ ধরে কোরবানির বাজারগুলোতে বাইরের গরু আসার পর থেকে ক্ষুরারোগের প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন ২৫-৩০ জন গরুর মালিক আক্রান্ত গরুর চিকিৎসার জন্য পরামর্শ ও ব্যবস্থাপত্র নিচ্ছেন। এ ছাড়া প্রতিদিন হাসপাতালে সাত-আটটি গরুর চিকিৎসা দিতে হচ্ছে।
মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে জানান, ক্ষুরারোগ ছোঁয়াচে। তাই এ রোগ স্থানীয় গরুর মধ্যে ছড়িয়ে পড়তে পারে। বিষয়টি শোনার পর থেকে বরগুনার বিভিন্ন বাজারে এসব গরু বিক্রির ওপর নজরদারি করা হচ্ছে। কিন্তু লোকবলের অভাবে সবগুলো বাজারে লক্ষ্য রাখা যাচ্ছে না।
প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসকেরা জানিয়েছেন, ক্ষুরারোগে আক্রান্ত গরুর মাংস মানবদেহের জন্য ততটা ক্ষতিকর না হলেও এ গরুর মাংসের গুণগত মান নষ্ট হয়ে যায়। রান্নার পর এসব মাংস ছেড়ে যায় এবং স্বাদ নষ্ট হয়ে যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, কোরবানি উপলক্ষে বরগুনায় কমপক্ষে ৩০টি পশুরহাট বসেছে। এসব হাটে প্রতিদিন শত শত ভারতীয় গরু নিয়ে আসছেন ব্যবসায়ী ও দালালেরা। এসব গরু থেকেই ক্ষুরারোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বরগুনা বাজারের এক ব্যবসায়ী জানান, বরগুনার বাজারে যেসব ভারতীয় গরু আসছে, তাদের মধ্যে অনেক গরুই ক্ষুরারোগে আক্রান্ত।
ক্ষুরারোগের লক্ষণ হচ্ছে গরুর মুখ দিয়ে লালা ঝরা ও ক্ষুরায় প্রদাহ। ক্ষুরারোগে আক্রান্ত গরুর এসব লক্ষণ যাতে বোঝা না যায় এজন্য ব্যবসায়ীরা রোগাক্রান্ত গরুকে বোম্বাই মরিচ খাইয়ে দেয় এবং পায়ে ও ক্ষুরায় গাব ও কুড়া মেখে দেন। বোম্বাই মরিচ খাওয়ালে গরু একসঙ্গে সব লালা ঝরিয়ে ফেলে এবং পায়ে ও ক্ষুরায় গাবসহ কুড়া মাখলে ক্ষুরার ক্ষত দেখা যায় না।
বরগুনা সদর উপজেলার খাজুরতলা গ্রামের বাসিন্দা আবুল হোসেন হাওলাদার জানান, তিনি কোরবানি দেওয়ার জন্য গত শুক্রবার স্থানীয় গৌরিচন্না বাজার থেকে ২৯ হাজার টাকায় একটি ভারতীয় গরু কেনেন। গত শনিবার সকালে দেখেন গরুর মুখ থেকে লালা ঝরছে এবং জ্বরে কাঁপছে। এরপর তিনি বরগুনা পশু হাসপাতালে যোগাযোগ করে তিনটি ইনজেকশন দিয়েছেন, কিন্তু তেমন উন্নতি দেখা যাচ্ছে না।
নাম প্রকাশ না করার শর্তে বরগুনা শহরের অপর এক ব্যবসায়ী বলেন, তিনি গত মঙ্গলবার বরগুনা বাজার থেকে ৩৫ হাজার টাকায় একটি ভারতীয় গরু কেনেন। পরদিন দেখেন গরুটি জ্বরে কাঁপছে ও মুখ দিয়ে লালা ঝরছে। পরে তিনি গরুটি বরগুনা বাজারের কসাইদের কাছে ২০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন। বরগুনা শহরের আরও দুজন ব্যবসায়ী ও লাকুরতলা গ্রামের তিন ব্যক্তি একই ধরনের অভিযোগ করেন।
চালিতাতলী বাজারের ইজারাদার রফিকুল ইসলাম জানান, ভারতীয় গরুর মধ্যে ক্ষুরারোগ দেখা দিয়েছে, এটা তাঁরাও শুনেছেন। ফলে তাঁরা বাজারে ভারতীয় গরু বিক্রির ক্ষেত্রে নজর রাখছেন।