বাজারে সরকারের তৎপরতা চলবে: বাণিজ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি
ফাইল ছবি

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ব্যবসায়ীরা বাজারে যতক্ষণ পর্যন্ত ঠিকমতো তেলের জোগান দেওয়া শুরু না করবেন এবং সরকার যতক্ষণ পর্যন্ত মনে করবে বাজারে হস্তক্ষেপ করা দরকার, ততক্ষণ পর্যন্ত বাজারে তৎপরতা চালানো হবে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর একটি পাঁচতারা হোটেলে ভার্চ্যুয়াল শিক্ষাপ্রতিষ্ঠান ‘ভূমি বাংলাদেশ লিমিটেড’–এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।

ব্যবসায়ীদের দাবি অনুযায়ী বাজারে অভিযান বন্ধ হবে কি না, এমন প্রশ্ন করা হয়েছিল বাণিজ্যমন্ত্রীকে। জবাবে অভিযান বন্ধ হবে না বলে জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে তেলের দাম ঠিক করা হয়েছে আন্তর্জাতিক দামের সঙ্গে মিল রেখে। একটি সিস্টেমে এটি করা হয়। ৫ মে দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়। এরপর ৬ ও ৭ মে ছুটি ছিল। এ ছাড়া কিছু অসাধু ব্যবসায়ী আগের দামের তেল লুকিয়ে রেখেছিলেন। সেটি তাঁরা বের করছিলেন না। তবে তিনি মনে করেন, দু-তিন দিনের মধ্যে স্বাভাবিক (বাজারে জোগান) হয়ে যাবে।

সরকারিভাবে তেল আমদানি করার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, এ জন্য প্রয়োজনীয় কাজ করছেন। হয়তো জুন মাসের মধ্যে টিসিবির মাধ্যমে আমদানি করতে পারবেন।

সয়াবিনের আমদানি পর্যায়ে শুল্ক প্রত্যাহার নিয়ে এক প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, ‘ট্যাক্স প্রত্যাহারের দপ্তর হলো জাতীয় রাজস্ব বোর্ড। আমরা চিঠি দিতে পারি। চিঠির পরিপ্রেক্ষিতে ১০ শতাংশ ট্যাক্স প্রত্যাহার করা হয়েছে। এখনো ৫ শতাংশ আছে। আমরা চাই সেটাও প্রত্যাহার করা হোক। এ জন্য চিঠি দেওয়া হবে।’