চট্টগ্রামের বাজারে প্রায় সব ধরনের সবজির দাম কমেছে। দাম কমার তালিকায় আছে পেঁয়াজ, রসুন আর মাছ। স্থিতিশীল আছে মুরগির দাম। বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় কমেছে ইলিশের দামও। গতকাল শনিবার নগরের অন্যতম প্রধান পাইকারি বাজার রিয়াজউদ্দিন বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের তুলনায় বিভিন্ন সবজির দাম ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত কমেছে। বাজারে বিক্রি হচ্ছে শীতের সবজিও। গতকাল শনিবার খুচরায় খিরা বিক্রি হয়েছে ১৫ থেকে ২০ টাকায়। গত সপ্তাহে খিরার খুচরা দাম ছিল ২৫ থেকে ৩০ টাকা। কমেছে বেগুনের দামও। গতকাল আকার ও মানভেদে খুচরা বাজারে বেগুন বিক্রি হয়েছে ২০ থেকে ২৫ টাকায়। বাজার করতে আসা চাকরিজীবী তৌহিদুল আলম প্রথম আলোকে বলেন, ‘রমজানের শুরুতে বাজারে সবকিছুর দাম বাড়তি ছিল। এই সপ্তাহে দাম মোটামুটি নাগালের মধ্যেই। আজ (শনিবার) বাজারে এসে স্বস্তি লাগছে।’ বাজারে গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে আলু। প্রতি কেজি আলু ২৪ টাকায় এবং দেশীয় গোলআলু ৩৫ টাকায়। কমেছে পেঁয়াজ ও দেশি ছোট আকারের রসুনের দাম। গত সপ্তাহ থেকে কেজিতে চার টাকা কমে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৮ টাকায়। ছোট আকারের দেশীয় রসুনের প্রতি কেজির দাম ৪০ টাকা। যা গত সপ্তাহের তুলনায় ২০ টাকা কম। তবে টমেটো ও কাঁচা মরিচ বিক্রি হচ্ছে আগের দামেই। গতকাল শনিবার বাজারে প্রতি কেজি টমেটো ৯০ টাকা ও কাঁচা মরিচ ৪০ টাকায় বিক্রি হয়েছে। পাশাপাশি পটল ২৪ টাকা, ঢ্যাঁড়স ৩০ টাকা, মিষ্টি কুমড়া ১৫ টাকা, লাউ ২০ টাকা, ঝিঙা ৩৫ টাকা ও কাকরোল ২০ টাকায় বিক্রি হচ্ছে। গতকাল শনিবার বাজারে শীতের সবজি বিক্রি হতে দেখা গেছে। এর মধ্যে ছোট আকারের বাঁধাকপি ৫৫ টাকা ও ফুলকপি ৮০ টাকা কেজি দরে বিক্রি হয়। প্রতি কেজি শিম বিক্রি হয়েছে ১০০ টাকায়। রিয়াজউদ্দিন বাজারের পাইকারি ও খুচরা বিক্রেতারা জানান, গত সপ্তাহের তুলনায় বাজারে তেলের সরবরাহ কিছুটা বেড়েছে। তবে তা পর্যাপ্ত নয়। তাই দাম কমেনি। বিভিন্ন ব্র্যান্ডের প্রতি কেজি বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ১৩৫ টাকা ও পাঁচ লিটারের বোতল ৬৬০ থেকে ৬৮০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছিল। পাশাপাশি রূপচাঁদা ব্র্যান্ডের (পলিব্যাগ) প্রতি লিটার বিক্রি হয়েছে ১৩২ টাকায়। বাজারে সব ধরনের মাছের দাম কিছুটা কমেছে। বেড়েছে ইলিশের সরবরাহ। দামও কমেছে। রিয়াজউদ্দিন বাজারের মাছ বিক্রেতারা জানান, সাগরে ইলিশ ধরা পড়ছে বেশি। পাশাপাশি রপ্তানি বন্ধ থাকায় বাজারে ইলিশের সরবরাহ বেড়েছে। তবে ক্রেতাদের অভিযোগ, দাম কাঙ্ক্ষিত মাত্রায় কমেনি। গতকাল শনিবার বড় আকারের (প্রতিটি এক কেজি) ইলিশ ৬৫০ টাকা ও ছোট আকারের ইলিশ ৫৫০-৫০০ টাকায় বিক্রি হয়। গত সপ্তাহে বড় আকারের ইলিশের কেজি ছিল ৮০০ থেকে ৯৫০ টাকা। ক্রেতারা বলছেন, ইলিশের কেজি ৪০০ টাকার বেশি হওয়ার কথা নয়। নগরের বিভিন্ন পাইকারি মাছবাজারে পাইকারিতে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩৫০ টাকায়।