বাজারে ২০ টাকা, মাঠে ৩ টাকা, লবণচাষিরা হতাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মাঠে উৎপাদিত প্রতি কেজি লবণ (কালো ও সাদা) বিক্রি হচ্ছে দুই থেকে তিন টাকায়। অথচ খুচরা বাজারে সেই লবণ প্যাকেটজাত হয়ে বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়। কক্সবাজার জেলার প্রায় ৬০ হাজার প্রান্তিক চাষি ছাড়াও পাঁচ লাখ মানুষ লবণ উৎপাদন ও বিপণনের সঙ্গে জড়িত।গতকাল রোববার সদর উপজেলার খুরুশকুল, চৌফলদণ্ডি, ভারুয়াখালী, ইসলাবাদসহ বিভিন্ন এলাকায় মাঠে উৎপাদিত প্রতি বস্তা (৫০ কেজি) পলিথিন প্রযুক্তির সাদা লবণ ১৮০ টাকা, প্রতি মণ খোলা সাদা লবণ ১২০ টাকা ও কালো (অপরিশোধিত) লবণ ৮০ টাকায় বিক্রি হয়েছে। সে হিসাবে প্রতি কেজি সাদা (খোলা) লবণের দাম পড়েছে তিন টাকা আর কালো লবণ দুই টাকা, যা তিন দিন আগেও বিক্রি হয়েছে প্রতি মণ ৪০ থেকে ৮০ টাকা পর্যন্ত বেশি।চাষিরা জানান, সরকার মাঠে উৎপাদিত প্রতি কেজি সাদা লবণের ক্রয়মূল্য ধার্য করে দিয়েছে চার টাকা। গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ওই দামে ব্যবসায়ীরা লবণ কিনলে হাজার হাজার চাষি উৎসাহ নিয়ে মাঠে নামেন। কিন্তু লবণ উৎপাদনের এই ভর মৌসুমে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে হঠাৎ দাম কমিয়ে দিয়েছেন।ভারুয়াখালীর চাষি গিয়াস উদ্দিন (৪৫) জানান, গত শনিবার দুই টাকা কেজি দরে তিনি ৬০ মণ কালো লবণ বিক্রি করেছেন। যদিও প্রতি কেজি লবণ উৎপাদনের বিপরীতে তাঁর খরচ হয়েছে আড়াই থেকে তিন টাকা।কুতুবদিয়ার বড়ঘুপ গ্রামের চাষি মোহাম্মদ আলী (২৯) জানান, তিনি গতকাল ৫০ কেজি ওজনের প্রতি বস্তা পলিথিন প্রযুক্তির সাদা লবণ বিক্রি করেন ১৮০ টাকায়। একই লবণ আগের দিন বিক্রি করেন ২০০ টাকায়।চাষিরা জানান, সমপ্রতি বৃষ্টিসহ প্রাকৃতিক দুর্যোগের কারণে টানা ১৫ দিন লবণ উৎপাদন বন্ধ ছিল। এতে চাষিরা আর্থিক ক্ষতির সম্মুখীন হন। এরপর মাঠ ঠিক করে ১৬ মার্চ থেকে জেলার আটটি উপজেলার প্রায় ৫০ হাজার একর জমিতে আবার পুরোদমে লবণ উৎপাদন শুরু হয়।কক্সবাজার লবণ চাষি ঐক্য পরিষদের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী জানান, প্রতি কেজি লবণে সামান্য পরিমাণ আয়োডিন মিশ্রণ, পরিবহন খরচ, পরিশোধিতকরণ ও উন্নতমানের একটি প্যাকেটে ভর্তির বিপরীতে সর্বোচ্চ তিন থেকে চার টাকা খরচ হওয়ার কথা। সে ক্ষেত্রে প্রতি কেজি প্যাকেটজাত লবণের দাম হওয়ার কথা সাত থেকে আট টাকা। অথচ সেই লবণ বাজারে বিক্রি হচ্ছে ২০ টাকার বেশি।বাংলাদেশ লবণ মিল মালিক সমিতির সভাপতি আবদুল মোনাফ বলেন, ‘এবার আবহাওয়া খারাপ। তাই লবণের দাম বেশি।’বিসিক কক্সবাজারের লবণ উন্নয়ন প্রকল্পের বৈজ্ঞানিক কর্মকর্তা ওয়ালী উল্লাহ জানান, বর্তমানে জেলার আট উপজেলার প্রায় ৫২ হাজার একর জমিতে প্রতিদিন গড়ে ১৫ হাজার মেট্রিক টন লবণ উৎপাদিত হচ্ছে। আগামী মে মাস পর্যন্ত পুরো মৌসুমে জেলায় লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন।