বাজারের ইজারা নিয়ে স্বেচ্ছাসেবক ও যুবলীগে সংঘর্ষ, আহত ১৫
পটুয়াখালীর বাউফলে বাজার ইজারা নেওয়াকে কেন্দ্র করে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংর্ঘষ হয়েছে। দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে আটটা পর্যন্ত আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, কাশিপুর বাজারের ইজারা পাওয়ার জন্য আদাবাড়িয়া ইউনিয়নের যুবলীগের ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. দেলোয়ার হোসেন ঘটনার দিন মঙ্গলবার সকালে বাউফল উপজেলা পরিষদে এসে দরপত্র দাখিল করেন। এতে একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আলাউদ্দিন ক্ষুব্ধ হন। এরপর একই দিন সন্ধ্যায় তাঁর লোকজন নিয়ে কাশিপুর বাজারে দেলোয়ারের সমর্থক যুবলীগ নেতা লিটনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংর্ঘষ বাধে। এ সংঘর্ষে কালাম (৪৫), দেলোয়ার (২৮), আলাউদ্দিন (৩৫), আলামিন (২২), জাফর গাজী (২৮), নান্না (২০), রাজা (২২) ও লিটনসহ (২৫) উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন। স্বেচ্ছাসেবক লীগ নেতা আলাউদ্দিন ও যুবলীগ নেতা দেলোয়ার উভয়ই অভিযোগ অস্বীকার করে পরস্পরবিরোধী বক্তব্য দেন।ওসি নরেশ চন্দ্র কর্মকার জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পাওয়ার পর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।