বাজারের ইজারামূল্য বৃদ্ধি, ভোক্তারা শঙ্কিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা পৌরসভার হাটবাজারের ইজারামূল্য গতবারের তুলনায় প্রায় দেড় গুণ বৃদ্ধি করা হয়েছে। ভোক্তাদের আশঙ্কা, এ অতিরিক্ত টোলের বোঝা তাঁদের কাঁধেই চেপে বসবে।
নতুন মূল্য এ বছরের ১৪ এপ্রিল তথা ১৪২৩ সনের ১ বৈশাখ থেকে কার্যকর হবে। পাথরঘাটা পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, ১৪২৩ সনের পৌরসভার হাটবাজার ইজারা বিজ্ঞপ্তি সম্প্রতি ২২ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়। পশু ও মাছ মহলসহ ১৮টি গুচ্ছ এবং বাস ও টেম্পোস্ট্যান্ডসহ ছয়টি গুচ্ছ ভাগ করে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
১৮টি গুচ্ছে সম্ভাব্য সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে ২৪ লাখ ৮৫ হাজার টাকা, যা চলতি ১৪২২ সনের তুলনায় দেড় গুণ বেশি। ওই বছরের সম্ভাব্য সরকারি মূল্য ছিল ১৭ লাখ ৮ হাজার টাকা।
আর বাস, টেম্পোস্ট্যান্ডসহ ছয়টি গুচ্ছে আগামী বছরের জন্য সম্ভাব্য সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৭৫ হাজার টাকা। ১৪২২ সালে এর সম্ভাব্য সরকারি মূল্য ছিল ৬ লাখ ২৭ হাজার টাকা।
পাথরঘাটা পৌরসভার সচিব মো. জসিম উদ্দিন বলেন, হাটবাজার ইজারায় মহল বাড়ানো হয়েছে। আর প্রতি মহলে গড় সম্ভাব্য মূল্য ১০ ভাগ বৃদ্ধি করা যায়। সে হিসাবে ইজারা আহ্বান করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে পৌরসভার মেয়র মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, এভাবে দর দেওয়ায় আইনগত কোনো বাধা নেই। তবে দরদাতারা কম দর দিয়েও অংশ নিতে পারেন। সে ক্ষেত্রে তিনবার বিজ্ঞপ্তি প্রকাশ করে ইজারা চূড়ান্ত করা হবে।