বাজারের চাহিদা অনুযায়ী শিক্ষাক্রম তৈরি করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রম তৈরির আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
গতকাল বৃহস্পতিবার নর্থ সাউথ ইউনিভার্সিটির ১৭তম সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসেবে সভাপতির বক্তব্যে রাষ্ট্রপতি এ কথা বলেন। রাজধানীর বসুন্ধরায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এই সমাবর্তন অনুষ্ঠান হয়।
সমাবর্তনে মোট এক হাজার ৪২৫ জন শিক্ষার্থীকে ডিগ্রি দেওয়া হয়। এর মধ্যে কৃতী ফলের জন্য তিনজনকে আচার্যের স্বর্ণপদক ও দুজনকে উপাচার্যের স্বর্ণপদক দেওয়া হয়।
সমাবর্তন বক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক কংগ্রেসম্যান সিনথিয়া এন ম্যাককিনি।
রাষ্ট্রপতি বলেন, শিক্ষাক্রম শ্রমবাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। তিনি বলেন, শুধু সনদনির্ভর শিক্ষা হলে হবে না, শিক্ষা হতে হবে সৃজনশীল।
সমাবর্তনে আরও বক্তব্য দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী, নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য আমিন সরকার, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রাগীব আলী প্রমুখ।