বাজারের জমি দখল করতে দোকান ভাঙচুর করলেন ইউপি চেয়ারম্যান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গত শনিবার জমি দখলের জন্য বাজারে হামলা চালিয়ে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করেছেন। পরে তিনি ওই জমি দখলে নিয়ে সেখানে আট থেকে ১০টি ঘর তুলেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় পাঁচজন আহত হন। নুরাবাদ ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান দাবি করেন, তিনি বাজারের জমি দখল করেননি। তিনি তাঁর কেনা আড়াই শতাংশ জমি বুঝে নিয়েছেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যানের লোকজন শনিবার ভোর পাঁচটার দিকে দুলারহাট বাজারে হামলা চালায়। এ সময় তারা বাজারের জাহাঙ্গীর আলমসহ কয়েকজনের একটি করাতকল, আইসক্রিম তৈরির দুটি কারখানাসহ পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে ফেলে। পরে ওই পুরোনো ঘরের জায়গায় তারা আট থেকে ১০টি ঘর তোলে। জাহাঙ্গীর আলম ও তাঁর জামাতা নওরেজ বাবুল জানান, তাঁরা ক্রয় সূত্রে বাজারের ৭৬১, ৭৬২, ৭৬৫, ২৩১ দাগের এক একর ২৮ শতাংশ জমির মালিক। কয়েক বছর আগে স্থানীয় তোফাজ্জল হোসেন বন্দোবস্ত সূত্রে ওই জমির মালিকানা দাবি করেন। ওই সময় তাঁরা জমির বিষয়ে ভোলা জজ আদালতে মামলা করেন। আদালত ২০০৩ সালের ৩ আগস্ট ওই জমির ওপর স্থগিতাদেশ দেন। ওই আদেশ উপেক্ষা করে তোফাজ্জল হোসেন ২৭ শতাংশ জমি গোপনে আওয়ামী লীগের নেতাদের কাছে বিক্রি করে দেন। জমির একজন ক্রেতা সন্ত্রাসী নিয়ে শনিবার রাতে তাদের স্থাপনায় হামলা চালায়। এ সময় সন্ত্রাসীদের হামলায় মনিরুল ইসলাম, মাহে আলম, বেনু বেগমসহ পাঁচজন আহত হন। তোফাজ্জল হোসেনের ছেলে আবুল বলেন, তাঁর বাবা ১৯৭৬-৭৭ সালে ওই বাজারের দেড় একর জমি বন্দোবস্ত পান। বিএনপি ক্ষমতায় আসার পর জাহাঙ্গীর আলম ওই জমি দখল করে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করেন। ওই জমির ২৭ শতাংশ তাঁরা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানসহ ১১ জনের কাছে বিক্রি করে দিয়েছেন। ওই জমিতে আদালতের কোনো স্থগিতাদেশ নেই। চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন বলেন, রাতের আঁধারে জমি দখলের খবর পেয়ে আমরা পুলিশ পাঠিয়েছিলাম। আমরা দখলের আলামত পেলেও কারা দখল করেছে তা জানা যায়নি। ওসি আরও বলেন, ওই জমি নিয়ে দীর্ঘদিন আদালতে মামলা বিচারাধীন আছে এবং জমির ওপর আদালতের স্থগিতাদেশ আছে। এ অবস্থায় কেউই ওই জমি দখলে নিতে পারেন না।