বাজারের জমি বেদখল, ক্ষুদ্র ব্যবসায়ীরা বিপাকে
জয়পুরহাটের ক্ষেতলাল কাচারীবাজারের জায়গা অবৈধভাবে দখল করে ১০টি দোকানঘর তৈরির অভিযোগ পাওয়া গেছে। বাজারের ইজারাদার বাধা দেওয়ার পরও স্থানীয় ১০ জন ব্যক্তি বাজারের জমিতে এগুলো নির্মাণ করেছেন। এ কারণে হাটের দিন ব্যবসায়ীদের দোকান বসাতে সমস্যা হচ্ছে।এ বিষয়ে ওই বাজারের ইজারাদার গোলাম মোস্তফা গত বছরের ৯ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন; কিন্তু এ ব্যাপারে কোনো ব্যবস্থা না নেওয়ায় ১২ সেপ্টেম্বর তিনি আবার অভিযোগ দেন।লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ক্ষেতলাল থানাসংলগ্ন কাচারীবাজারের জমিতে সদর ও সূর্যবান গ্রামের ১০ জন প্রভাবশালী ব্যক্তি দোকানঘর নির্মাণ করেছেন। ইজারাদার হিসেবে ঘর নির্মাণে বাধা দেওয়ায় গোলাম মোস্তফাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে। ওই ১০ জন হলেন: সদরের কবির উদ্দিন, লবির উদ্দিন, অছিম উদ্দিন ও মো. নাসির; সূর্যবান গ্রামের হাফিজার রহমান, রুহুল আমিন, ছিদ্দিকুর রহমান ও মোছা. কল্পনা; পাইকপাড়া গ্রামের আতিকুল ইসলাম ও আনিছুর রহমান।জমি দখল করে দোকানঘর নির্মাণকারীদের মধ্যে কবির উদ্দিন ও তাঁর ছেলে আবুল হোসেন এবং আতিকুল ইসলাম বলেন, তাঁরা ওই বাজারের জায়গায় অনেক দিন ধরে স্টল ও দোকান করছেন। সেই জায়গা তাঁরা টিনের বেড়া ও ছাউনি দিয়ে ঘিরে রাখার ব্যবস্থা করেছেন।সদর ইউনিয়ন ভূমি কার্যালয়ের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোস্তাফিজার রহমান জানান, ওই বাজারে সব মিলিয়ে ৫১ শতক জমি আছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কাচারীবাজারের সপ্তাহের বৃহস্পতি ও রোববার হাট বসে। এখানে প্রতিদিনই বাজার বসে এবং ৩২টি দোকানঘর আছে।গোলাম মোস্তফা বলেন, ‘অবৈধভাবে দখল হয়ে যাওয়ায় হাটের জায়গা কমে গেছে। হাটবারের দিন ভাসমান ব্যবসায়ীরা তাঁদের পণ্যসামগ্রী নিয়ে বসার জায়গা পান না। ওই ১০ জন হাটের প্রায় ১৫ শতক জমি দখল করে নিয়েছে।’ইউএনও শাহানা আখতার জাহান বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’