বাজারের জায়গার ইজারা বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর বাজারের ভুসিমাল হাটের ২ শতাংশ জায়গার ইজারা বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বাজারের ব্যবসায়ীরা। গতকাল রোববার ওই কর্মসূচি পালিত হয়।
দুপুর ১২টা হতে বেলা ১টা পর্যন্ত চলা ওই কর্মসূচিতে বক্তারা বলেন, এই বাজারের ভুসিমাল হাটের উন্মুক্ত ২ শতাংশ জায়গা রয়েছে। এ জায়গায় ট্রাক থেকে পণ্য খালাস করা হয়। সোম ও শুক্রবার সাপ্তাহিক দুই হাটের দিন এ জায়গাতে কৃষকেরা তাঁদের উৎপাদিত পণ্য বিক্রি করে থাকেন। এই ইজারা বাতিল না করা হলে বাজারটি অচল হয়ে যাবে। তাই যেকোনো মূল্যে এ ইজারা বরাদ্দ বাতিল করতে হবে।
বাজার বণিক সমিতির সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন চরভদ্রাসন সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রাজ্জাক, মোতালেব হোসেন প্রমুখ।
ভারপ্রাপ্ত ইউএনও জহিরুল ইসলাম বলেন, দু-একজন মানুষের জন্য শত শত লোকের কষ্ট হবে, এটা প্রশাসন কখনোই চায় না। ইতিমধ্যে জেলা প্রশাসক (সার্বিক) আবদুর রশিদ বাজারটি পরিদর্শন করেছেন। এ ব্যাপারে জরুরি ভিত্তিতে উদ্যোগ নেওয়া হবে।