বাজারের দখলে সড়ক ও ফুটপাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাসমান বাজারের কারণে ফুটপাতের চিহ্নমাত্র নেই। ছবিটি বরিশাল নগরের চৌমাথা এলাকার l সাইয়ান
ভাসমান বাজারের কারণে ফুটপাতের চিহ্নমাত্র নেই। ছবিটি বরিশাল নগরের চৌমাথা এলাকার l সাইয়ান

বরিশাল নগরের সড়কে সড়কে বসছে ভাসমান বাজার। এতে নোংরা হচ্ছে নগরের পরিবেশ। ব্যাহত হচ্ছে মানুষ ও যানবাহন চলাচল। এ ব্যাপারে সিটি করপোরেশন কর্তৃপক্ষ কোনো ভূমিকা রাখছে না বলে নগরবাসীর অভিযোগ।
এ ব্যাপারে সিটি মেয়র বলেন, বারবার নির্দেশনা দিয়েও সড়কের ওপর থেকে ভাসমান বাজার সরানো যাচ্ছে না। তিনি এর জন্য করপোরেশনের সড়ক পরিদর্শকদের দায়ী করেছেন। তবে দ্রুত ভাসমান বাজার অপসারণে উদ্যোগ নেওয়া বলে জানান তিনি।
বরিশাল সিটি করপোরেশনের হাটবাজার শাখার পরিদর্শক মো. আবুল কালাম আজাদ বলেন, বরিশাল নগরে সিটি করপোরেশনের অধীন মাত্র ১৫টি হাটবাজার আছে। এগুলো স্থায়ী বাজার হিসেবে স্বীকৃত। কিন্তু নগরের অলিগলিতে শতাধিক বাজার আছে যেগুলো অবৈধভাবে বসানো হয়েছে। ভ্যান ও সাজি-ডালা নিয়ে বসানো এসব ভাসমান বাজারের কারণে স্থায়ী বাজারগুলোতে প্রভাব পড়েছে। লোকজন ভাসমান বাজার থেকে সুবিধা পেয়ে স্থায়ী বাজারে যেতে চান না।
সরেজমিনে দেখা গেছে, সদর রোড, বিবির পুকুর পাড়, প্যারারা রোড, বটতলা, আদালতপাড়া, বগুড়া রোড, বরিশাল কলেজ, শ্রীনাথ চ্যাটার্জি লেন, অপসোনিন মোড়, আমতলার মোড়, রূপাতলী, হাতেম আলী কলেজ চৌমাথা, ব্রজমোহন কলেজ, হাসপাতাল রোড, নাজির মহল্লা, জেলখানার মোড়, ফকিরবাড়ি রোডে সবজি ও মাছের বাজার বসছে প্রতিদিন। সবচেয়ে ভয়াবহ অবস্থা নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও হাতেম আলী কলেজ চৌমাথা এলাকার। সেখানে মহাসড়ক দখল করে বসানো হয়েছে বাজার। এসব বাজারের কারণে যানচলাচলে মারাত্মক সমস্যা হচ্ছে।
অনেক বছর ধরে বরিশাল নগরে ভ্যানে করে সবজি বিক্রি করছেন আবু হানিফ। তিনি বলেন, এই নগরে প্রায় চার শতাধিক ভ্যানে সবজি বিক্রি হয়। এগুলো বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়ে ব্যবসা চালায়। তবে কেউ কেউ অলিগলিতে বিক্রি করেন। সদর রোডে দিনের বেলা মাছ বিক্রি করেন চিত্তরঞ্জন দেউড়ি। তিনি বলেন, মাঝেমধ্যে তাঁদের উঠিয়ে দেওয়া হলেও আবার বসেন তাঁরা।
ভাসমান বাজারের সংখ্যা বেড়ে যাওয়ায় বড় সমস্যায় পড়েছেন স্থায়ী বাজারের ব্যবসায়ীরা। নতুন বাজার এলাকার সবজি বিক্রেতা মিজানুর রহমান বলেন, আগে মানুষ বাজার করতে নতুন বাজার কিংবা অন্য বাজারে যেত। কিন্তু এখন ভ্যান ও ভাসমান বাজারের কারণে স্থায়ী বাজারে ক্রেতার সংখ্যা কমে গেছে।
মাছ ব্যবসায়ী মো. দুলাল হাওলাদার বলেন, ‘রাস্তার মোড়ে মোড়ে সবজি-মাছ নিয়ে বসায় আমাদের বিক্রি কমে গেছে। অনেকে বাধ্য হয়ে ভাসমান বাজারের দিকে ঝুঁকে পড়ছেন।’
বরিশাল নগর সৌন্দর্য রক্ষা কমিটির সদস্যসচিব কাজী এনায়েত হোসেন অভিযোগ করেন, সড়ক ও ফুটপাত সাধারণ মানুষের সুবিধার জন্য করা হয়েছে। কিন্তু বর্তমানে সেগুলো ভাসমান বাজারের দখলে চলে গেছে। এর ফলে নাগরিক সুবিধা নষ্ট হচ্ছে। নোংরা হচ্ছে শহর। বাড়ছে জনদুর্ভোগ। ভাসমান বাজার নিয়ন্ত্রণে সিটি করপোরেশন কোনো দায়িত্ব পালন করছে না বলে তাঁর অভিযোগ।
এ ব্যাপারে সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামাল বলেন, প্রতিটি সড়কের মোড়ে ভাসমান বাজার বসছে। অনেকবার অভিযান চালানো হয়েছে। তারপরও বন্ধ করা যাচ্ছে না। তাঁর দাবি, সড়ক পরিদর্শকদের সঙ্গে ভাসমান ব্যবসায়ীদের সঙ্গে কোনো চুক্তি আছে। এ কারণেই এমনটি হচ্ছে। যা হোক, ভাসমান বাজার অপসারণে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। অবহেলা পেলে সড়ক পরিদর্শকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
যোগাযোগ করলে সিটি করপোরেশনর সড়ক পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘সড়ক পরিদর্শকেরা ভাসমান বাজার বসাতে সহযোগিতা দেন, এটা ঠিক নয়। একদিক ভাসমান বাজার উচ্ছেদ হয় অন্যদিকে বসে পড়ে। ম্যাজিস্ট্রেট ছাড়া গিয়ে কোনো লাভ হয় না। আমরা সড়ক থেকে তুলতে গিয়ে অনেক সময় সমস্যায় পড়ি। নানা ধরনের সুপারিশের কারণে ওঠানো সম্ভব হয় না।’