বাজারের নিয়ন্ত্রকরাই সরকারের নিয়ন্ত্রক: খালেকুজ্জামান
বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেছেন, সারা বছরই জিনিসপত্রের দাম বাড়ছে। কিন্তু রমজান মাসে এই বৃদ্ধি অস্বাভাবিক হয়ে পড়ে। বাজারের দুষ্টচক্র সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করছে। কিন্তু সরকার তাদের নিয়ন্ত্রণ করতে পারে না। কারণ বাজারের নিয়ন্ত্রকরাই এখন সরকারকে নিয়ন্ত্রণ করছে।
আজ বুধবার বিকেলে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্য বৃদ্ধি ও খাদ্যে ভেজালের প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাসদের সমাবেশে খালেকুজ্জামান এসব কথা বলেন।
খালেকুজ্জামান বলেন, মুক্তবাজার অর্থনীতির কারণে বাজারে নৈরাজ্য দেখা দিয়েছে। লুটপাটতন্ত্র সর্বত্র জেঁকে বসেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও খাদ্যে ভেজাল ঠেকাতে সরকার কোনো ভূমিকা রাখছে না।
সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়টি আসলে অসাধু সিন্ডিকেট ও সরকারের বোঝাপড়ার ফলাফল ছাড়া আর কিছুই নয়। ‘রমজানে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়’-এই ধরনের কথা যাতে না ওঠে, তার জন্য এবার রমজান শুরু হওয়ার আগেই দ্রব্যমূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি করা হয়েছে।
সমাবেশে আরও বক্তব্য দেন বাসদের কেন্দ্রীয় সদস্য বজলুর রশীদ ফিরোজ, সিপিবির রুহিন হোসেন প্রিন্স। সমাবেশটি পরিচালনা করেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির চন্দন।
সমাবেশ শেষে প্রেসক্লাবের সামনে থেকে মিছিল বের করে সিপিবি-বাসদের কর্মীরা। মিছিলটি প্রেসক্লাব থেকে শুরু হয়ে পুরানো পল্টনের মুক্তিভবনের সামনে গিয়ে শেষ হয়।