বাজি ধরে নদীতে সাঁতার, অতঃপর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে দুই লিটার কোমল পানীয় বাজি ধরে সাঁতরে নদী পার হতে গিয়ে রাজা বাসফৈর (১৮) নামের এক তরুণ নিখোঁজ হয়েছেন। আজ সোমবার বিকেলে উপজেলা সদরের লৌহজং নদীর কুমুদিনী হাসপাতাল খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তি মির্জাপুরের কুমুদিনী হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পাঁচটার দিকে রাজা বাসফৈর ও তাঁর সহকর্মী আকাশ বাসফৈর (২০) লৌহজং নদী কার আগে কে সাঁতরে পার হতে পারবেন—তা নিয়ে পরস্পরের সঙ্গে বাজি ধরেন। কিন্তু আকাশ সাঁতরে নদী পার হতে পারলেও রাজা ডুবে যান। খবর পেয়ে মির্জাপুরের ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজে অংশ নেন। তবে রাত সাড়ে আটটায় শেষ খবর পাওয়া পর্যন্ত রাজাকে উদ্ধার করা যায়নি।

মির্জাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের জন্য ময়মনসিংহ থেকে ডুবুরি দল মির্জাপুরের উদ্দেশে রওনা হয়েছে।

কুমুদিনী হাসপাতালের সহকারী প্রশাসক হায়দার আলী জানান, রাজা ও আকাশ ওই হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী। ওই ঘটনা তিনি শুনেছেন।