বাজি ধরে সাঁতার কাটতে গিয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজি ধরে পুকুরে সাঁতার কাটতে গিয়ে প্রাণ হারিয়েছেন ইব্রাহিম মিয়া (৩৫) নামের এক ব্যাংক কর্মকর্তা। তিনি সোনালী ব্যাংক হবিগঞ্জের আজমিরীগঞ্জ শাখার ক্যাশ ইনচার্জ ছিলেন। আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ সকালে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা সদরের সরকারি কোয়াটার পুকুরে প্রতিদিনের মতো গোসল করতে যান ব্যাংক কর্মকর্তা ইব্রাহিম। সঙ্গে ছিলেন আরও দুই সহকর্মী। তিনজন এক ডুবে পুকুরের এক পাড় থেকে অন্য পাড়ে যাওয়ার বাজি ধরেন। একসঙ্গে তিনজন পুকুরে ঝাঁপ দিয়ে ডুব দেন। দুজন পাড় ছুঁতে পারলেও ইব্রাহিমের দেখা মিলছিল না। প্রায় ১০ মিনিট পর ইব্রাহিমের দেহ ভেসে ওঠে। পরে তাঁকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। নিহত কর্মকর্তার বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুরে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।