বাজিকর সরকারের কবল থেকে দেশ রক্ষায় আন্দোলন চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘স্বৈরতান্ত্রিক সরকারের’ হাত থেকে দেশকে রক্ষায় সব বাধাবিঘ্ন উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাবে তাঁর দল। তিনি বলেন, ‘এই বাজিকর সরকারের কবল থেকে দেশকে রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি এবং আন্দোলন জোরদার করার প্রস্তুতি নিচ্ছি।’ দেশ এখন সন্ত্রাসী, চরমপন্থী ও লুটেরাদের হাতে জিম্মি উল্লেখ করে বিএনপির চেয়ারপারসন দেশ রক্ষার আন্দোলনে শরিক হওয়ার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান। গতকাল সোমবার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে সম্প্রতি সিরাজগঞ্জের রেল দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক সহায়তা ও গরিব মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। খবর ইউএনবি ও বাসসের।খালেদা জিয়া বলেন, যত বাধাই আসুক না কেন, দেশের স্বার্থ রক্ষায় বিএনপি আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবে। তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ কষ্টে আছে। খালেদা জিয়া অভিযোগ করেন, সারা দেশে বিএনপির কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে। ১৪৪ ধারা জারি করে কর্মসূচি পণ্ড করে দেওয়া হচ্ছে। তিনি বলেন, বিএনপি জনগণের দল। বাধাবিপত্তি সত্ত্বেও জনগণের দাবি আদায়ে রাজপথে থাকবে বিএনপি।বিএনপির চেয়ারপারসন নিহত সাতজনের প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা এবং ১৫ জন দরিদ্র মেধাবী ছাত্রের প্রত্যেককে দুই হাজার টাকার প্রাইজ বন্ড প্রদান করেন। বেগম জিয়া নিহত ব্যক্তিদের পরিবার-পরিজনকে সান্ত্বনা এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।সিরাজগঞ্জে রেল দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন: সিরাজগঞ্জের মির্জা সাবান আলী, মির্জা সুরুত্তুজ্জামান, ফারুক তালুকদার, নূর নবী ও ঠান্ডু সরকার এবং টাঙ্গাইলের আবদুল লতিফ ও আবদুল কাদের বাচ্চু। তাঁদের প্রত্যেকের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।এ সময় বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান প্রমুখ উপস্থিত ছিলেন।