বাজিতপুর ও নান্দাইলে দুই লাশ উদ্ধার
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় গতকাল শনিবার কাঞ্চন মিয়া (৪০) নামের এক কাঠ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আগের দিন শুক্রবার ময়মনসিংহের নান্দাইল উপজেলায় শাহাব উদ্দিন (৪৫) নামের এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে।
বাজিতপুর থানার পুলিশ জানায়, কুলিয়ারচর উপজেলার ডুমরাকান্দা গ্রামের কাঞ্চন কুলিয়ারচর বাজারে কাঠের ব্যবসা করতেন। শুক্রবার সকালে কুলিয়ারচর নৌকাঘাট থেকে কাঠ নিয়ে তিনি অষ্টগ্রাম যাচ্ছিলেন। বাজিতপুর দিঘিরপাড় পার হওয়ার সময় নৌকাটির পল্লী বিদ্যুৎ সঞ্চালন লাইনের একটি খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় কাঞ্চন নদীতে পড়ে যান। ওই দিন খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান পাওয়া যায়নি। গতকাল সকালে বাজিতপুরের বোয়ালী গ্রামের কাছে লাশটি ভেসে ওঠে। পরে তাঁর লাশ উদ্ধার করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান হোসেন বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
নান্দাইল থানার পুলিশ জানায়, উপজেলার চরকামটখালী গ্রামের শাহাব উদ্দিনের লাশ শুক্রবার রাতে বাড়ির কাছের একটি খালে দেখতে পেয়ে গ্রামবাসী পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই আবুল কাশেম থানায় গতকাল একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এ ঘটনায় আ. রহমান নামের একজনকে গ্রেপ্তার করেছে।