বাজিতপুরে অনির্দিষ্টকালের নৌ-অবরোধ শুরু
চাঁদাবাজি ও শ্রমিক নির্যাতন বন্ধের দাবিতে কিশোরগঞ্জের বাজিতপুরে গতকাল মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের নৌ-অবরোধ শুরু হয়েছে। অবরোধকারীদের ওপর পুলিশের লাঠিপেটায় ২০ জন আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে পুলিশ লাঠিপেটার অভিযোগ অস্বীকার করেছে। গত ২০ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অবরোধ কর্মসূচির ডাক দেয় উত্তর-পূর্বাঞ্চলীয় নৌযান মালিক ও শ্রমিক সমিতি। অবরোধের কারণে গতকাল সকাল থেকে শতাধিক নৌযান বাজিতপুরের ঘোড়াউত্রা নদীর দীঘিরপাড় এলাকায় আটকা পড়ে। কর্মসূচি চলাকালে তীরে শত শত মালিক-শ্রমিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। সমাবেশে বক্তারা সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবি জানান।বাংলাদেশ বাল্ক হেড নৌযান মালিক সমিতির সভাপতি তফাজ্জল হোসেন অভিযোগ করেন, সুনামগঞ্জের ছাতক থেকে শুরু করে ঢাকা ও বরিশালসহ দেশের বিভিন্ন নৌপথে প্রতিদিন অন্তত ৩০-৩৫টি স্থানে চাঁদাবাজি করা হয়। চাঁদা না দিলে হয়রানি ও নির্যাতনের শিকার হন শ্রমিকেরা। প্রশাসনকে বারবার জানিয়েও এর কোনো সুরাহা হয়নি। এ কারণেই এ অবরোধ কর্মসূচি। এ বিষয়ে কোনো ব্যবস্থা না নেওয়া হলে অবরোধ কর্মসূচি লাগাতার চলবে।