বাজিতপুরে আ.লীগ সাংসদের ভাইসহ ২২ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজবাহ উদ্দিন খানের ওপর আওয়ামী লীগের এক সাংসদের ভাইয়ের নেতৃত্বে সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা হয়েছে। মিজবাহর ছেলে আরিফুল হক খান বাদী হয়ে গত মঙ্গলবার রাতে ২২ জনের বিরুদ্ধে ওই মামলা করেন।
বাজিতপুর থানায় করা মামলায় কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ মো. আফজাল হোসেনের ভাই আনোয়ার হোসেন আশরাফকে প্রধান আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন সোহেল মিয়া, মানিক, ফারুক, নান্নু, সবুজ মিয়া ও অজ্ঞাতনামা ১৬ জন। এদিকে গুরুতর আহত মিজবাহ উদ্দিনকে মঙ্গলবার রাতেই ঢাকার বারডেম হাসপাতালে পাঠানো হয়েছে।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করে গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এলাকার পরিস্থিতি এখন শান্ত ও স্বাভাবিক আছে।
মামলার বাদী আরিফুল হক খান প্রথম আলোকে বলেন, মামলা দায়েরের পর থেকেই আনোয়ার হোসেন মামলা তুলে নেওয়ার জন্য মুঠোফোনে একাধিকবার হুমকি দিয়েছেন।
অভিযুক্ত আনোয়ার হোসেন আশরাফের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি হামলার ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেন। তিনি বলেন, মিজবাহ উদ্দিন তাঁর ফুফাতো ভাই। মিজবাহ উদ্দিনের অনেক শত্রু আছে। তাঁরাই হামলা চালিয়েছে।
মঙ্গলবার সকালে ইউপি চেয়ারম্যান মেজবাহ উদ্দিন খান হজে যাওয়ার উদ্দেশ্যে সাত-আটজনকে নিয়ে বের হন। তাঁরা দুটি অটোরিকশায় করে বাজিতপুর রেলস্টেশনের দিকে যাচ্ছিলেন। সেখান থেকে তাঁদের আন্তনগর এগারসিন্দুর ট্রেনে ঢাকা যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু তাঁদের অটোরিকশা শহরের ফায়ার সার্ভিস কার্যালয়ের কাছে পৌঁছালে আনোয়ার হোসেন আশরাফের নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালায়।