বাজিতপুরে আ.লীগের নেতার নেতৃত্বে বাড়িতে হামলার অভিযোগ, আহত ৫
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বসন্তপুর গ্রামে গতকাল শনিবার এক বাড়িতে হামলায় তিন মহিলাসহ পাঁচজন আহত হয়েছেন। হামলার শিকার পরিবারের সদস্যরা অভিযোগ করেন, বাজিতপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজু মিয়ার নেতৃত্বে সন্ত্রাসীরা তাঁদের বাড়িতে হামলা চালিয়েছে। তবে রাজু মিয়া অভিযোগ অস্বীকার করেছেন।পুলিশ, এলাকাবাসী ও আক্রান্ত পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে রাজু মিয়ার ছেলে বিল্লাল ও স্থানীয় বিএনপির সমর্থক সাকিব মিয়ার মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে গতকাল বেলা ১১টার দিকে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ তাঁর লোকজন লাঠি ও দেশি ধারালো অস্ত্র নিয়ে সাকিবদের বাড়িতে হামলা চালায়। হামলায় সাকিব মিয়া (১৮) ও তাঁর আত্মীয় পেয়ারা বেগম (৫৫), আসমা (২৫), ফেরুনা (২৮) ও নজরুল (২৮) আহত হন। গুরুতর আহত সাকিবকে প্রথমে বাজিতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পেয়ারা বেগমকে বাজিতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে, নজরুলকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে, আসমা ও ফেরুনাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হয়েছে।সাকিবের চাচা আবুল হোসেন অভিযোগ করেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজু মিয়ার নেতৃত্বে এ হামলা হয়েছে। তাঁরা তাঁর বিরুদ্ধে মামলা করবেন।রাজু মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, সকালে ছেলেকে মারপিট করায় উত্তেজিত হয়ে তাঁর সমর্থকেরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে এতে প্রত্যক্ষভাবে তাঁর কোনো ভূমিকা নেই।বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত। থানায় কেউ মামলা করতে এলে অবশ্যই তা নেওয়া হবে।