বাজিতপুরে কিশোর আলোর লেখাজোকা বিষয়ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ঐশ্বর্য্য আনোয়ার জানতে চেয়েছিল কীভাবে সহজে ছবি আঁকা শেখা যায়। আর সেরা আঁকিয়ে হতে কোন গুণটি জরুরি। ওই প্রশ্নের উত্তরে কুলিয়ারচর পাইলট উচ্চবিদ্যালয়ের চারু ও কারুকলা বিষয়ের শিক্ষক রিয়াজুল হাসান বলেন, বৃত্ত, সোজা রেখা ও আঁকাবাঁকা রেখার সমন্বয় করা গেলে ছবি হয়ে যায়। আর সেরা আঁকিয়ে লাগে ধৈর্য এবং স্বচ্ছ ও অগ্রসর ভাবনার মন।
গতকাল সোমবার সকালে কিশোরগঞ্জের বাজিতপুর আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মিলনায়েতনে অনুষ্ঠিত হয় কিশোর আলোর ‘লেখাজোকা’ বিষয়ক কর্মশালা। এর আগে কর্মশালার উদ্বোধন করেন আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সেলিনা আখতার। স্বাগত বক্তব্য দেন কর্মশালার সমন্বয়ক কাওসার খান ও প্রথম আলো ভৈরব অফিসের নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা।
অধ্যক্ষ সেলিনা আখতার বলেন, শিশু-কিশোরদের উপযোগী সৃজনশীল মাধ্যম যথেষ্ট নয়। কিশোর আলো এখন সেই চাহিদার জোগান দিয়ে যাচ্ছে। কর্মশালার সব শেষে অনুষ্ঠিত হয় প্রশ্নোত্তর পর্ব। এ পর্বে শিক্ষর্থীদের জ্ঞান-বিজ্ঞানের নানা প্রশ্ন করা হয়। এতে বিজয়ী ৭০ শিক্ষার্থীকে কিশোর আলোর চলতি সংখ্যা তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের প্রশ্ন করেন কর্মশালার স্বেচ্ছাসেবক নটর ডেম কলেজের সাব্বির আহমেদ ও ফাহিম ফায়সাল।