বাজিতপুরে কিশোরকে নির্যাতন করে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় মোবারক হোসেন (১৩) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার উপজেলার বুড়িকান্দা গ্রামের মোতালিব মিয়ার রান্নাঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। মোবারক ওই গ্রামের আহাদ মিয়ার ছেলে।পরিবারের অভিযোগ, একই গ্রামের বদরুল মিয়ার পরিবারের সদস্যরা নির্যাতন করে মোবারককে হত্যা করেছে। পরে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার জন্য তার লাশ ঘরের ধরনায় ঝুলিয়ে রাখা হয়। মোবারকের পরিবার ও এলাকাবাসী জানায়, ৬ এপ্রিল বদরুলের ঘর থেকে দুটি মুঠোফোন সেট চুরি হয়। এ ঘটনায় মোবারককে দোষারোপ করা হয়। পরের দিন মোবারকের বাবা আহাদ ছেলের কাছ থেকে মুঠোফোন সেট দুটি নিয়ে বদরুলকে ফেরত দেন। এর পরও ৮ এপ্রিল মোবারককে ধরে নিয়ে রড ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে বদরুলের পরিবারের লোকজন। ছেলেকে মারধরের ঘটনায় আহাদ থানায় অভিযোগ করেন এবং সমাজপতিদের কাছে বিচার চান। এ নিয়ে স্থানীয় লোকজন গত সোমবার ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে সালিসিতে বসেন। সালিসে মোবারককে শারীরিকভাবে নির্যাতনের বিষয়টি প্রমাণিত হয়। কিন্তু সালিস থেকে এর কোনো সমাধান করা হয়নি। বলা হয়, স্থানীয় সাংসদ আফজাল হোসেনের নজরে এনে এর প্রতিকার করা হবে। এ অবস্থায় গতকাল সকাল সাড়ে সাতটার দিকে মোতালিবের রান্নাঘরের ধরনায় মোবারকের লাশ ঝুলতে দেখা যায়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে।আহাদ বলেন, ‘রড ও লাঠি দিয়া আমার ছেলেরে দুই দিন পিঠাইছে বদরুলের লোকজন। বিচার চাওয়ার জন্য এহন দুনিয়া থাইক্কাই সরাইয়া দিছে।’ বদরুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। বদরুলের জামাতা রতন বলেন, ‘মোবারক ফোন চুরি করছে, আবার ফেরতও দিছে। ফোন পাওয়ার পর ঘটনা শেষ। মোবারক কী কারণে আত্মহত্যা করেছে, তা আমাদের বোঝার কথা না।’ বাজিতপুর থানার এসআই আবু তালেব বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।