বাজিতপুরে খুন হওয়া যুবলীগ নেতার এক হাত ও পা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের বাজিতপুরে খুন হওয়া যুবলীগের নেতা আলম মিয়ার (৩০) বাঁ হাত ও ডান পা উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে বাজিতপুরের সরারচর ইউনিয়নের তেঘুরিয়া নুরপুর সিংধা বিল থেকে শরীরের ওই অংশগুলো উদ্ধার করে পুলিশ।তবে লাশের মাথা, ডান হাত ও বাঁ পা উদ্ধার হয়নি। এর আগে একই বিল থেকে বস্তাবন্দী অবস্থায় আলমের তিন টুকরা লাশ উদ্ধার করা হয়। এদিকে আলম হত্যার ঘটনায় পুলিশ এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে। চারজনের মধ্যে তিনজন স্থানীয় বিএনপির কর্মী হিসেবে পরিচিত। গত মঙ্গলবার ভোরে উপজেলার আটপাড়া গ্রামের এনাম হোসেন ওরফে খোকন (৩৪) ও জুমঞ্চাপুর গ্রামের সাদেক হোসেন নামে বিএনপির দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়। এর আগে শনিবার বিএনপির কর্মী উপজেলার সুতারপুর গ্রামের বাদল ভূঁইয়া (২৫) ও তেঘুরিয়া গ্রামের হুমায়ুন মিয়া (৩০) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে বাদল ভূঁইয়া ও হুমায়ুন মিয়া মামলার এজাহারভুক্ত আসামি। বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘এনাম হোসেন ও মো. সাদেককে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, বিলে আবার তল্লাশি চালিয়ে এক হাত ও পা উদ্ধার করি।’ ২১ আগস্ট রাতে আলম নিখোঁজ হন। পরে তেঘুরিয়া নুরপুর সিংধা বিল থেকে বস্তাবন্দী অবস্থায় আলমের তিন টুকরা লাশ উদ্ধার করা হয়।