কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার যুবলীগের নেতা আলম মিয়া (৩০) হত্যাকাণ্ডে ব্যবহূত গুলিভর্তি একটি বিদেশি রিভলবার ও পাইপগান উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার এজহারভুক্ত আসামি সাদেক মিয়ার বাড়ির পেছনের একটি পুকুর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।আলম মিয়া উপজেলার সরারচর ইউনিয়ন যুবলীগের কার্যকরী কমিটির সদস্য ছিলেন।পুলিশ জানায়, আলম হত্যা মামলায় এ পর্যন্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে খোকন মিয়া ও সাদেক মিয়া সাত দিনের রিমান্ডে রয়েছেন। জিজ্ঞাসাবাদের দ্বিতীয় দিনে (সোমবার) তাঁরা পুলিশকে অস্ত্রের সন্ধান দেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন অভিযান চালান।২১ আগস্ট রাতে আলম নিখোঁজ হন। ২৪ আগস্ট তেঘুরিয়া নূরপুর সিংধা বিল থেকে বস্তাবন্দী অবস্থায় আলমের লাশের তিনটি টুকরা উদ্ধার করা হয়। পরে একে একে তাঁর ১২ টুকরা লাশ উদ্ধার হয়। এ ঘটনায় আলমের বড় ভাই সমাজ মিয়া একটি হত্যা মামলা করেন। মামলায় ১২ জনকে আসামি করা হয়।সহকারী পুলিশ সুপার (বাজিতপুর সার্কেল) খন্দকার সায়িদ আহমেদ বলেন, খুনি শনাক্ত হয়েছে। তবে কার নির্দেশে আলমকে খুন করা হয়েছে, তা নিশ্চিত হতে পুলিশ এখন কাজ করছে।