বাজিতপুরে জমি নিয়ে হামলায় আহত ৫
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরে গত বৃহস্পতিবার জমি নিয়ে বিরোধে পরিবারের দুই সদস্যের হামলায় ওই পরিবারের পাঁচজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত ব্যক্তিরা হলেন ভাগলপুর গ্রামের মরহুম ছেরাগ আলী মিয়ার স্ত্রী রাশেদা বেগম (৬০), মেয়ে রেশমা বেগম (৩৩), পারভীন (৩৮) ও নুরুন্নাহার (৪০) এবং নুরুন্নাহারের স্বামী আবদুর রশিদ (৪৮)। এ ঘটনায় গতকাল শুক্রবার ছেরাগ আলীর ছেলে আবুল কাশেম ও তাঁর ছেলে আল আমিনের বিরুদ্ধে বাজিতপুর থানায় মামলা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ছেরাগ আলী মিয়ার রেখে যাওয়া জমির ওয়ারিশ বণ্টন নিয়ে বৃহস্পতিবার সকালে তাঁর ভাগলপুরের বাড়িতে বাজিতপুর পৌর কাউন্সিলর মাসুদ মিয়ার উপস্থিতিতে সালিস বৈঠক হয়। আবুল কাশেম তাঁর তিন বোনকে মোট জমির সাত ভাগ দিতে রাজি হন। ভাইয়ের সঙ্গে ভালো সম্পর্ক রাখার স্বার্থে বোনেরা এ প্রস্তাব মেনে নেন। দুপুরে খাওয়া-দাওয়ার পর হঠাত্ করে আবুল কাশেম ও তাঁর ছেলে আল আমিন দা-লাঠি নিয়ে রাশেদা, রেশমা, পারভীন, নুরুন্নাহার ও আবদুর রশিদের ওপর হামলা চালান। পরে এলাকাবাসী তাঁদের উদ্ধার করে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।