বাজিতপুরে জলমহালে মাছ ধরা নিয়ে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের বাজিতপুরে জলমহালে মাছ ধরাকে কেন্দ্র করে ইজারাদার ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে এক স্কুলছাত্র গুলিবিদ্ধসহ ছয়জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার সরারচর ইউনিয়নের মাছিমপুর গ্রামের পাবিয়াধর বিলের ইজারাদার আলমগীর হোসেন ও স্থানীয় রফিক মিয়া পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে রফিক মিয়া পক্ষের রাসেল মিয়া (১৪), লিটন মিয়া (৩৫), গিয়াস উদ্দিন (৫০), মিম্বর আলী (৪০), আ. রহমান (৭৫), রফিক মিয়া (৩৫) আহত হন। তবে গুলিবিদ্ধ অষ্টম শ্রেণীর ছাত্র রাসেল মিয়াকে (১৪) বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা ভর্তি হয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, পাবিয়াধর বিলটি ইজারা নিয়েছেন আলমগীর হোসেন। কিছুদিন আগে বিলের বেষ্টনী ভেঙে কিছু মাছ বের হয়ে যায়। ওই ঘটনার পর এলাকার অনেকে মাছ ধরে নেওয়ার চেষ্টা করে। গুলিবিদ্ধ রাসেল মিয়াসহ গ্রামের কয়েকজন বিলের লাগোয়া তাঁদের জমির জলসীমায় বড়শি দিয়ে মাছ ধরছিল। বিষয়টি ইজারাদার মেনে নিতে পারেননি। পরে ইজারাদার পক্ষ এসে রাসেলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ ঘটনায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। রফিক মিয়া বলেন, ‘বিল থেকে আমাদের জমি অন্তত ৪০০ গজ দূরে হবে। কিন্তু ইজারাদার আলমগীরের লোকজন চারপাশের কোনো জায়গা থেকে গ্রামবাসীকে মাছ ধরতে দেন না। নিজেদের জমির জলসীমা থেকে মাছ ধরতে যাওয়ায় গ্রামবাসীর ওপর আক্রমণ করে আলমগীরের লোকজন।’