বাজিতপুরে ট্রলার ডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ১৭
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার আইনারগোপ গ্রামের কাছে মেঘনা ও ধলেশ্বরী নদীর বাঁকে গত বুধবার যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় গতকাল শুক্রবার আরও ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ১৭ জনের লাশ উদ্ধার করা হলো।উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন নূর চাঁন বেগম (৩৭), মনোয়ারা (২৬), আবদুল বারেক (৮০), আজমত আলী (৬২), মাফিয়া খাতুন (৮) ও সানিয়া খাতুন (৩)।গতকাল সকালে এলাকাবাসী ও নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা নদীর তীরে গিয়ে দেখতে পান, দুর্ঘটনার স্থান থেকে কয়েক কিলোমিটারের মধ্যে লাশগুলো পানিতে ভাসছে। পরে এলাকাবাসী ছয়টি লাশ নৌকায় তুলে তীরে আনেন।লাশ উদ্ধারের খবর পেয়ে বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুখলেছুর রহমান আকন্দ, বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহাসহ প্রশাসনের লোকজন দুর্ঘটনাস্থলে ছুটে যান। প্রশাসনের তথ্যমতে, ট্রলারডুবিতে নিখোঁজ সবার লাশ পাওয়া গেছে। তবে এলাকাবাসীর ধারণা, আরও লাশ পাওয়া যাবে।জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান জানান, আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান বৃহস্পতিবার সমাপ্ত ঘোষণা করা হলেও স্থানীয় পর্যায়ে অনুসন্ধান চালানোর বিষয়ে জনগণকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। তিনি জানান, প্রতিটি মৃতদেহ সৎকারের জন্য তাদের স্বজনদের জেলা প্রশাসকের পক্ষ থেকে তিন হাজার, স্থানীয় সাংসদ আফজাল হোসেনের পক্ষ থেকে পাঁচ হাজার ও জেলা পরিষদ থেকে দুই হাজার টাকা করে দেওয়া হয়েছে। গত বুধবার সকাল নয়টার দিকে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হুমাইপুর ইউনিয়নের কৈইটুপি থেকে একটি ট্রলার শতাধিক যাত্রী নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড়ের উদ্দেশে যাত্রা করে। সকাল সাড়ে ১০টার দিকে মেঘনা ও ধলেশ্বরী নদীর বাঁকে প্রচণ্ড স্রোতের মধ্যে পড়ে ট্রলারটি ডুবে যায়।